

সম্প্রতি রাজধানীর মোহাম্মদপুরে ডট ইন্টারনেটের করপোরেট কার্যালয়সহ ঢাকা ও ঢাকার বাইরে এই সেবা সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা, ভাঙচুর ও লুটপাট, চাঁদাবাজি এবং নেটওয়ার্ক দখলের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)। একইসঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করাসহ সরকারের কাছে ছয় দফা দাবি জানিয়েছে সংগঠনটি।
রোববার (১৪ জুন) রাজধানীর বনানীতে সংগঠনটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আইএসপিএবির পক্ষ থেকে এসব দাবি তুলে ধরেন সংগঠনের সভাপতি আমিনুল হাকিম।
গত ৯ জুন দিনগত রাতে ঢাকার মোহাম্মদপুরের লালমাটিয়ায় ডট ইন্টারনেটের প্রধান কার্যালয়-সহ রাজধানীর বাড্ডা, চাঁদপুর সদর, কুমিল্লার দেবিদ্বার, গাজীপুর, বগুড়ায় ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘এই হামলা শুধু প্রতিষ্ঠানের ওপর আক্রমণ নয়, বরং দেশের তথ্যপ্রযুক্তি অবকাঠামো ও ডিজিটাল অর্থনীতির ওপর সরাসরি আঘাত।’
এই সন্ত্রাসী হামলার সময় একদল লোক প্রতিষ্ঠানগুলোর কার্যালয়ে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায় জানিয়ে তিনি বলেন, ‘এতে প্রতিষ্ঠানগুলোর একাধিক কর্মকর্তা ও কর্মচারী আহত হন। গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত সরঞ্জাম ও অবকাঠামোর ক্ষতি হয়। ’
এই ধরনের হামলা খাতটির নিরাপত্তা, বিনিয়োগ পরিবেশ এবং সেবার ধারাবাহিকতা নিয়ে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে বলে মন্তব্য করেন এই নেতা।
এসময় আইএসপিএবির পক্ষ থেকে সরকারের কাছে ছয়টি দাবি তুলে ধরে বলা হয়, হামলায় জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তার করতে হবে, অপরাধীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, তথ্যপ্রযুক্তি ও ইন্টারনেট অবকাঠামোকে গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ হিসেবে বিবেচনায় নিয়ে নিরাপত্তা জোরদার করতে হবে।
সংগঠনটির পক্ষ থেকে আরও দাবি জানানো হয়, ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে, ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের নিরাপদ কার্যক্রম নিশ্চিত করতে প্রয়োজনীয় সহায়তা দিতে হবে ও আইএসপিগুলোতে হামলা হলে সংশ্লিষ্ট থানাকে দ্রুততার সঙ্গে ব্যবস্থা নিতে হবে।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, দেশের ডিজিটাল রূপান্তর ও প্রযুক্তিনির্ভর অর্থনীতি গঠনের এই সময়ে তথ্যপ্রযুক্তি খাতের প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। অন্যথায় বিনিয়োগ ও সেবা উভয় ক্ষেত্রেই নেতিবাচক প্রভাব পড়তে পারে।
সংগঠনটি আশা প্রকাশ করে, সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত পদক্ষেপ নিয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করবে এবং দেশের তথ্যপ্রযুক্তি খাতের নিরাপদ বিকাশে কার্যকর ভূমিকা রাখবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আইএসপিএবির মহাসচিব নাজমুল করিম ভূঁঞা, সহ-সভাপতি নেয়ামুল হক খান, যুগ্ম মহাসচিব মাহবুব আলম রাজু, যুগ্ন মহাসচিব ফুয়াদ মোহম্মদ শরফুদ্দিন, কোষাধ্যক্ষ মইন উদ্দিন আহমেদ, পরিচালক রাশেদুর রহমান রাজন, মো. মিঠু হাওলাদার, সাব্বির আহমেদ, রাইসুল ইসলাম তুহিন, মো. জুবায়ের ইসলাম ও এস এম সাইফুল ইসলাম সেলিম প্রমুখ।