

ইয়েমেনের শাবওয়া উপকূলের কাছে একটি তেলবাহী ট্যাংকার ছিনতাই হয়েছে বলে জানা গেছে। দেশটির কোস্টগার্ড জানিয়েছে, কিছু সশস্ত্র ব্যক্তি জাহাজটিতে উঠে নিয়ন্ত্রণ নিয়ে সেটিকে সোমালিয়ার জলসীমার দিকে নিয়ে যাচ্ছে।
শনিবার দেওয়া এক বিবৃতিতে ইয়েমেন কোস্টগার্ড জানায়, এমটি ইউরেকা নামের ট্যাংকারটি শাবওয়া প্রদেশের উপকূলে ছিনতাই করা হয়। হামলাকারীরা জাহাজটির নিয়ন্ত্রণ নিয়ে এটিকে এডেন উপসাগরের দিকে সরিয়ে নেয়। খবর দ্য জেরুজালেম পোস্টের।
কোস্টগার্ড আরও জানায়, জাহাজটির বর্তমান অবস্থান শনাক্ত করা হয়েছে এবং সেটিকে অনুসরণ করা হচ্ছে। একই সঙ্গে ট্যাংকারটি উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। জাহাজে অবস্থানরত ক্রুদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ চলছে।
ঘটনার সঙ্গে কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে এডেন উপসাগর ও সোমালিয়া উপকূলীয় অঞ্চল আগে থেকেই জলদস্যুতার জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে পরিচিত।
এ ঘটনায় আন্তর্জাতিক নৌপথের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।