

ভারতের উত্তরপ্রদেশের বান্দা জেলায় সোশ্যাল মিডিয়ায় রিল তৈরির নেশায় আরেকটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। রিলের জন্য ফাঁসির দৃশ্যের অভিনয় করতে গিয়ে গলায় ফাঁস লেগে মারা গেছেন ২৭ বছর বয়সী মোহিনী। এই ঘটনা সোশ্যাল মিডিয়া আসক্তি ও রিল তৈরির প্রতিযোগিতামূলক প্রবণতার ভয়াবহ পরিণতির আরেক উদাহরণ হয়ে উঠেছে।
শনিবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, বান্দা জেলার বাসিন্দা মোহিনী তার বাড়ির ভেতরে মোবাইল ফোনে রিল তোলার জন্য একটি দৃশ্য সাজিয়েছিলেন। তিনি গলায় ফাঁসের মতো দড়ি বেঁধে একটি টুলের ওপর দাঁড়ান। ক্যামেরায় সেই দৃশ্য ধারণ করার চেষ্টা করছিলেন। কিন্তু কয়েক মুহূর্তের মধ্যেই দুর্ঘটনা ঘটে যায়। টুল থেকে পা পিছলে যাওয়া না ভারসাম্য হারানোর ঘটনা ঘটেছে তা নিশ্চিত নয়। যাই হোক না কেন, দড়িটি গলায় চেপে বসে এবং কয়েক সেকেন্ডের মধ্যেই তার মৃত্যু হয়।
ঘটনাটি প্রকাশ্যে আসে তার চার বছর বয়সী কন্যা যখন ঘরে ঢোকে। মাকে ফাঁসিতে ঝুলতে দেখে শিশুটি চিৎকার করে ওঠে। তার আর্তচিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে দৃশ্য দেখে হতবাক হয়ে যান।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ নামিয়ে নিয়ে ময়নাতদন্তের জন্য পাঠায়। পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, প্রাথমিক তদন্তে মনে হচ্ছে এটি একটি দুর্ঘটনা। রিল তোলার সময় অভিনয়ের দৃশ্য সত্যিকারের মৃত্যুতে রূপ নেয়। তবে পুরো ঘটনা বিভিন্ন দিক থেকে খতিয়ে দেখা হচ্ছে।
এই ঘটনায় পরিবারটি গভীর শোকে মুহ্যমান। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার তাড়নায় এ ধরনের ঝুঁকিপূর্ণ কনটেন্ট তৈরির প্রবণতা ক্রমশ বাড়ছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা।