

ওমান উপকূলের কাছে ভারতীয় পতাকাবাহী একটি জাহাজ হামলার শিকার হয়েছে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে কারা জাহাজে হামলা চালিয়েছে সে বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি।
ভারতীয় মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, হামলার পর ওমান কর্তৃপক্ষ উদ্ধার অভিযান চালিয়ে জাহাজের নাবিকদের নিরাপদে সরিয়ে নেয়।
তিনি এই হামলাকে অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেন এবং ওমান কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
ভারত এক বিবৃতিতে জানায়, বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে হামলা, নিরীহ নাবিকদের জীবন ঝুঁকিতে ফেলা কিংবা সমুদ্রপথে অবাধ চলাচল ও বাণিজ্যে বাধা সৃষ্টি এসব থেকে বিরত থাকতে হবে।
উল্লেখ্য, পশ্চিম এশিয়ায় ক্রমবর্ধমান উত্তেজনা এবং বিশ্বের একটি গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালিতে চলমান অচলাবস্থার মধ্যেই এই ঘটনাটি ঘটল। যদিও চলমান নিরাপত্তা পরিস্থিতিতে সংকট থাকা সত্ত্বেও গত ২৪ ঘণ্টায় ভারতগামী একাধিক এলপিজি ট্যাংকার হরমুজ প্রণালী অতিক্রম করেছে।
সূত্র : টাইমস অব ইন্ডিয়া