

ভারতের বেঙ্গালুরুর একটি ডে-কেয়ার সেন্টারে দুই থেকে তিন বছর বয়সী শিশুদের ওপর অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পাঁচজন নারী পরিচর্যাকারীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। খবর এনডিটিভির।
অভিযোগ অনুযায়ী, কান্না থামাতে শিশুদের ফ্রন্ট-লোডিং ওয়াশিং মেশিনের ড্রামের ভেতরে বসিয়ে রাখা, টয়লেটের জেট স্প্রে দিয়ে তাদের মুখে পানি ছিটানো এবং বাথরুমে আটকে রাখা হতো।
পুলিশ জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে নির্যাতনের অভিযোগসংবলিত ভিডিও ছড়িয়ে পড়ার পর পুলিশে অভিযোগ দায়ের করা হয়। পাশাপাশি বিষয়টি কর্ণাটক রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনের কাছেও উত্থাপন করা হয়েছে।
ঘটনাটি অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে। করপোরেট প্রতিষ্ঠানের ভেতরে পরিচালিত শিশু পরিচর্যা কেন্দ্রগুলোর নিরাপত্তা ও তদারকি নিয়েও নতুন করে প্রশ্ন উঠেছে।
এক বিবৃতিতে ডে-কেয়ার পরিচালনাকারী প্রতিষ্ঠান জানায়, তাদের কাছে কর্মী ও তাদের পরিবারের স্বাস্থ্য, নিরাপত্তা এবং কল্যাণ সর্বোচ্চ অগ্রাধিকার। প্রতিষ্ঠানটি তদন্তে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পূর্ণ সহযোগিতা করছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বেঙ্গালুরুর ক্যাম্পাসের ডে-কেয়ার সেন্টারটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।