

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও যুদ্ধ পরিস্থিতির মধ্যেও এবারের হজে অংশ নিতে সৌদি আরবে বিদেশি হজযাত্রীর সংখ্যা গত বছরের তুলনায় বেড়েছে। খবর আরব নিউজের।
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১৫ লাখ ১৮ হাজারেরও বেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। গত বছরের তুলনায় এটি কিছুটা বেশি।
ধর্মীয় কর্তৃপক্ষ জানায়, আগামী দিনগুলোতে আরও হজযাত্রী আসতে থাকায় এই সংখ্যা আরও বাড়বে। ইতিমধ্যে হাজিরা মক্কা থেকে মিনার তাঁবু শহরের দিকে যাত্রা শুরু করেছেন, যেখানে হজের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে।
এ বছর মধ্যপ্রাচ্যে রাজনৈতিক ও সামরিক উত্তেজনা থাকলেও অনেক মুসলিম ভ্রমণ ও নিরাপত্তা ঝুঁকি উপেক্ষা করে হজে অংশ নিতে এসেছেন। অনেক হজযাত্রী জানিয়েছেন, ধর্মীয় কর্তব্য পালনের জন্য তারা ভয়কে গুরুত্ব দেননি।
বিশ্লেষকদের মতে, যুদ্ধ ও আকাশপথে কিছু বাধা থাকা সত্ত্বেও হজযাত্রার বড় অংশ সফলভাবে সম্পন্ন হওয়াটা আন্তর্জাতিক সমন্বয় ও বিমান চলাচল স্বাভাবিক হওয়ার ইঙ্গিত দেয়।
হজ ইসলামের পাঁচটি স্তম্ভের একটি, যা সামর্থ্যবান মুসলমানদের জীবনে অন্তত একবার পালন করা বাধ্যতামূলক।