

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, উত্তর ইসরায়েলের রামাত ডেভিড বিমানঘাঁটি লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।
আইআরজিসির দাবি, দক্ষিণ লেবানন ও বৈরুতের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলার জবাব হিসেবে এ আক্রমণ চালানো হয়েছে।
ইরান আরও হুঁশিয়ারি দিয়েছে, হামলা অব্যাহত থাকলে আরও কঠোর প্রতিশোধ নেওয়া হবে।
ইরানের রাজধানী তেহরানেও একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দেশটির রাষ্ট্রীয় ঘনিষ্ঠ সংবাদমাধ্যম মেহের নিউজ এজেন্সি বিস্ফোরণের খবর নিশ্চিত করেছে।
ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান পাল্টাপাল্টি হামলার মধ্যেই এসব বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে বিস্ফোরণের কারণ ও ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এদিকে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, তাদের হামলায় তেহরানের আশপাশে পুনর্গঠিত করা হচ্ছিল এমন কয়েকটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করা হয়েছে।
ইসরায়েল বলছে, ইরান যাতে দ্রুত তার প্রতিরক্ষা সক্ষমতা পুনরুদ্ধার করতে না পারে এবং ইসরায়েলি বাহিনীর অভিযান পরিচালনায় বাধা সৃষ্টি না হয়, সেজন্য এই হামলা চালানো হয়েছে।