

সাম্প্রতিক যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া চুক্তির পর ইরান আরও শক্তিশালী অবস্থানে পৌঁছেছে বলে মনে করেন অধিকাংশ ইসরায়েলি। রোববার (২১ জুন) প্রকাশিত এক জনমত জরিপে এ তথ্য উঠে এসেছে।
জেরুজালেমের হিব্রু বিশ্ববিদ্যালয় এবং আগাম ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে পরিচালিত এ জরিপে ৩ হাজার ৬৪৪ জন অংশ নেন। জরিপটি ১৭ থেকে ২০ জুনের মধ্যে পরিচালিত হয়। এতে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির পর ইসরায়েলিদের জনমতের একটি চিত্র ফুটে উঠেছে। খবর আল জাজিরার।
জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ৯২ দশমিক ১ শতাংশ মনে করেন, সাম্প্রতিক যুদ্ধে ইরানই জয়ী হয়েছে বা বেশি সুবিধা পেয়েছে। অন্যদিকে ৮২ দশমিক ৯ শতাংশের মতে, এ পরিস্থিতির ফলে ইসরায়েলের দীর্ঘমেয়াদি নিরাপত্তা দুর্বল হয়েছে।
জরিপে আরও দেখা গেছে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ডানপন্থি জোটের সমর্থকদের মধ্যেও একই ধরনের মনোভাব রয়েছে। এ গোষ্ঠীর ৯৩ দশমিক ১ শতাংশ মনে করেন, যুদ্ধে ইরানই লাভবান হয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির বিরোধিতাও ছিল ব্যাপক। জরিপে অংশ নেওয়া ৬৩ দশমিক ২ শতাংশ মানুষ চুক্তির বিরোধিতা করেছেন। বিপরীতে মাত্র ১২ দশমিক ১ শতাংশ এ চুক্তির পক্ষে মত দিয়েছেন।