

ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনির জাতীয় ঐক্য রক্ষার নির্দেশনা মেনে চললেই শত্রুর বিরুদ্ধে সংগ্রামে বিজয় অর্জন সম্ভব। খবর ইরনার।
রোববার (১৯ জুলাই) সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গালিবাফ লেখেন, পবিত্র ঐক্যের ওপর জোর দেওয়া শুধু নৈতিক বা সামাজিক পরামর্শ নয়; বরং এটি শত্রুর বিরুদ্ধে সংগ্রামে বিজয়ের জন্য একটি অপরিহার্য পূর্বশর্ত।
তিনি আরও বলেন, জাতীয় প্রতিরোধ এবং রাষ্ট্র পরিচালনার এই ঐতিহাসিক দায়িত্ব পালনের অংশ হিসেবে সর্বোচ্চ নেতার ধর্মীয় ও জাতীয় নির্দেশনাকে আমাদের অবশ্যই আন্তরিকভাবে অনুসরণ করতে হবে। তার নির্দেশনা মেনে চললেই বিজয় অর্জন সম্ভব।
জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে মোজতবা খামেনির বার্তা প্রদানের একদিন পরে গালিবাফ এই মন্তব্য করলেন।
বার্তায় খামেনি বলেন, জনগণ ও রাষ্ট্রের সব পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে পবিত্র ঐক্য বজায় রাখা দেশের অন্যতম গুরুত্বপূর্ণ অগ্রাধিকার। ইসলামী বিপ্লবের উচ্চ আদর্শ বাস্তবায়ন এবং বিশেষ করে অপরাধী ও কূটকৌশলী মার্কিন শত্রুরক মুখে ইরানের মর্যাদা ও স্বাধীনতা রক্ষার জন্য এই ঐক্য অপরিহার্য।