

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড উপকূলে গ্রেট ব্যারিয়ার রিফ এলাকায় হাঙরের হামলায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ৩৯ বছর বয়সী ওই ব্যক্তি কেনেডি শোল এলাকায় মাছ ধরছিলেন বলে জানা গেছে। অগভীর এই প্রবালপ্রাচীরটি কেয়ার্নস ও টাউন্সভিলের মাঝামাঝি উপকূল থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে অবস্থিত। এলাকাটি মাছ ধরা ও ডাইভিংয়ের জন্য জনপ্রিয়।
দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, রোববার দুপুরের আগে জরুরি সেবাকর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান। গুরুতর আহত অবস্থায় তাকে টালি শহরের কাছে হাল রিভার হেডস বোট র্যাম্পে আনা হয়। পরে তীরে নেওয়ার কিছু সময়ের মধ্যেই তার মৃত্যু হয়।
কুইন্সল্যান্ড পুলিশ জানিয়েছে, ঘটনাটি হঠাৎ এবং সন্দেহজনক নয় হিসেবে তদন্ত করা হচ্ছে এবং এ বিষয়ে দ্রুত প্রতিবেদন প্রস্তুত করা হবে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, কেনেডি শোলে পানিতে থাকা অবস্থায় হাঙরের হামলার শিকার হন ওই ব্যক্তি। পরে তাকে উদ্ধার করা হলেও বাঁচানো সম্ভব হয়নি।
কোন প্রজাতির হাঙর হামলা চালিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
কুইন্সল্যান্ড উপকূলের প্রবালপ্রাচীর ও অগভীর সমুদ্র এলাকায় হাঙরের হামলা তুলনামূলকভাবে বিরল হলেও অতীতেও এমন ঘটনা ঘটেছে।