

মালয়েশিয়ার রাজতন্ত্র নিয়ে অপমানজনক ও মানহানিকর কনটেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিতে টিকটককে নির্দেশ দেওয়া হয়েছে। দেশটির ইন্টারনেট নিয়ন্ত্রক সংস্থা এ বিষয়ে সার্বিক ব্যবস্থা নিচ্ছে। আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, মালয়েশিয়ায় রাজার বিরুদ্ধে অপমানজনক শব্দ ব্যবহার শাস্তিযোগ্য অপরাধ। দেশটির আইনপ্রয়োগকারী সংস্থা এ ব্যাপারে কঠোর।
মালয়েশিয়ান যোগাযোগ ও মাল্টিমিডিয়া কমিশন (এমসিএমসি) বৃহস্পতিবার জানায়, মালয়েশিয়ার রাজা সুলতান ইব্রাহিমের সঙ্গে সংশ্লিষ্ট দাবি করা একটি অ্যাকাউন্টের কনটেন্ট নিয়ে তারা টিকটককে তাৎক্ষণিক সংশোধনী ব্যবস্থা নিতে বলেছে।
সংস্থাটি জানায়, টিকটককে তাদের কনটেন্ট মডারেশন নীতি আরও কঠোর করতে বলা হয়েছে। পাশাপাশি চরম আপত্তিকর, ভুয়া, হুমকিমূলক ও অপমানজনক কনটেন্ট কেন আগে আটকে দেওয়া হয়নি, সে বিষয়ে আনুষ্ঠানিক ব্যাখ্যাও চাওয়া হয়েছে।
এমসিএমসি বলেছে, সংশ্লিষ্ট কনটেন্টের মধ্যে এআই-নির্মিত ভিডিও ও বিকৃত ছবি ছিল।
নিয়ন্ত্রক সংস্থাটি আরও জানায়, অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে ভুয়া তথ্য বা জনশৃঙ্খলার জন্য ক্ষতিকর কনটেন্ট ছড়ানোকে তারা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে, বিশেষ করে যখন তা রাজতন্ত্রকে ঘিরে হয়।
চীনা প্রযুক্তি প্রতিষ্ঠানের মালিকানাধীন টিকটক এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।
মালয়েশিয়ায় ১৯৪৮ সালের রাষ্ট্রদ্রোহ আইন অনুযায়ী রাজপরিবারের বিরুদ্ধে ঘৃণা বা অবজ্ঞা উসকে দেয় এমন বক্তব্য শাস্তিযোগ্য অপরাধ।
সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ন্ত্রণে মালয়েশীয় কর্তৃপক্ষের ধারাবাহিক পদক্ষেপের অংশ হিসেবেই টিকটকের বিরুদ্ধে এই নির্দেশনা এলো।