

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালাতে হলে কংগ্রেসের অনুমোদন নিতে হবে— এমন একটি প্রস্তাব পাস করেছে মার্কিন সিনেট। মঙ্গলবার সিনেটে ভোটাভুটিতে প্রস্তাবটি ৫০-৪৮ ভোটে অনুমোদন পায়।
এর আগে প্রতিনিধি পরিষদেও প্রস্তাবটি পাস হয়েছিল। এতে বলা হয়েছে, কংগ্রেসের আনুষ্ঠানিক অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে সামরিক তৎপরতায় যুক্ত মার্কিন বাহিনীকে প্রত্যাহার করতে হবে।
যদিও এই প্রস্তাবে প্রেসিডেন্টের স্বাক্ষরের প্রয়োজন নেই এবং এর আইনগত কার্যকারিতা নিয়ে বিতর্ক রয়েছে। তবুও এটি স্পষ্ট করেছে যে, কংগ্রেসের দুই কক্ষই অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে দীর্ঘমেয়াদি সামরিক অভিযানের পক্ষে নয়।
এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ইরানের সঙ্গে হওয়া একটি সমঝোতাকে আরও বিস্তৃত চুক্তিতে রূপ দেওয়ার চেষ্টা করছে। এতে ইরানের পারমাণবিক কর্মসূচি, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে।
ডেমোক্র্যাটরা অভিযোগ করেছেন, কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে ট্রাম্প তার সাংবিধানিক ক্ষমতার সীমা অতিক্রম করেছেন।
তবে হোয়াইট হাউস বলছে, প্রেসিডেন্টের সামরিক ক্ষমতা সীমিত করার চেষ্টা অসাংবিধানিক। তাদের দাবি, চলতি বছরের এপ্রিলে যুদ্ধবিরতি ঘোষণার মধ্য দিয়েই ইরানের সঙ্গে সংঘাত কার্যত শেষ হয়েছে।