

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালির অভিভাবক হবে এবং এ দায়িত্ব পালনের বিনিময়ে অন্যান্য দেশের কাছ থেকে টোল আদায় করা হবে।
সোমবার (১৩ জুলাই) ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমরাই প্রণালিটি রক্ষা করব, সম্ভবত এর পরিচালনাও করব। আমরা এর অভিভাবক হয়ে উঠব। এজন্য আমাদের অর্থ পরিশোধ করতে হবে। আর সেই অর্থ হবে অনেক।
তিনি দাবি করেন, বিশ্বের ধনী দেশগুলো যুক্তরাষ্ট্রের মিত্র হওয়ায় তাদেরই এ ব্যয় বহন করা উচিত। যুক্তরাষ্ট্র বিনা মূল্যে এমন দায়িত্ব পালন করবে না বলেও মন্তব্য করেন তিনি।
বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিকে ঘিরে সাম্প্রতিক সময়ে উত্তেজনা বেড়েছে। ইরান প্রণালিটি কার্যত বন্ধ করে দেওয়ার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে এবং বৈশ্বিক মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ আরও তীব্র হয়েছে।
ট্রাম্প অভিযোগ করেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের একটি সমঝোতা হয়েছিল, কিন্তু তেহরান তা ভঙ্গ করেছে। তার মতে, আমরা বহুবার চুক্তি করেছি, কিন্তু তারা প্রতিবারই তা ভেঙেছে। এবার আমরা কঠোর জবাব দেব।
অন্যদিকে, ইরানের বিপ্লবী গার্ড বলছে, হরমুজ প্রণালিতে স্বাভাবিক নৌ চলাচল পুনরায় চালু করতে হলে যুক্তরাষ্ট্রকে ওই এলাকায় সামরিক হস্তক্ষেপ বন্ধ করতে হবে। অন্যথায় বৈশ্বিক তেল ও গ্যাস খাতে আরও বড় সংকট সৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছে তারা।