

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ওয়াশিংটনে সফররত লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের সঙ্গে বৈঠক করছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। রোববার (১৯ জুলাই) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তার বরাতে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
প্রেসিডেন্ট হিসেবে এটি জোসেফ আউনের প্রথম যুক্তরাষ্ট্র সফর। সফরের অংশ হিসেবে মঙ্গলবার তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও বৈঠক করবেন।
এমন এক সময় এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে, যখন লেবানন একটি জটিল নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। ইসরায়েল এখনো দেশটির দক্ষিণাঞ্চলের একটি অংশ দখল করে রেখেছে। ইসরায়েলি হামলার কারণে বাস্তুচ্যুত হওয়া লাখো লেবানিজ নাগরিক এখনো নিজ বাড়িতে ফিরতে পারেননি।
গত সপ্তাহে প্রেসিডেন্ট আউনের কার্যালয় প্রকাশিত এক বিবৃতিতে তিনি বলেন, লেবানন ও ইসরায়েলের মধ্যে ২৬ জুন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া সমঝোতা বাস্তবায়নে ইসরায়েলের ওপর প্রয়োজনীয় চাপ প্রয়োগের জন্য তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি আহ্বান জানাবেন।
এদিকে, হিজবুল্লাহ সরকার ও ইসরায়েলের মধ্যে সরাসরি আলোচনার সম্ভাবনা এবং সংগঠনটির অস্ত্র রাষ্ট্রের নিয়ন্ত্রণে নেওয়ার সরকারি প্রচেষ্টা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে।