

যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবসে দেশটির রাজধানী ওয়াশিংটন ডিসিজুড়ে বিক্ষোভ ও মিছিল করেছে উগ্র শ্বেতাঙ্গ জাতীয়তাবাদীদের দল প্যাট্রিয়ট ফ্রন্ট। গত শনিবার বর্ণবাদী গোষ্ঠীটির এ মিছিলে অংশগ্রহণকারীদের অনেকের মুখ সাদা কাপড় ও সানগ্লাস দিয়ে ঢাকা ছিল। মার্কিন রাজনৈতিক পর্যবেক্ষকরা দেশের এ ঐতিহাসিক দিবসে উগ্রবাদীদের এমন শক্তি প্রদর্শনকে বেশ উদ্বেগজনক বলে বিবেচনা করছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, খাঁকি প্যান্ট, খাঁকি বেসবল ক্যাপ ও গাঢ় নীল শার্ট পরা শত শত লোক সারিবদ্ধভাবে ওয়াশিংটন ডিসির পাতাল ট্রেন স্টেশনগুলোয় নামছেন এবং মেট্রোরেলে চড়ছেন। পরে তাদের ছন্দবদ্ধভাবে মেরিল্যান্ডের নিউ ক্যারলটন ও ওয়াশিংটন ডিসির মেট্রোপলিটন এলাকার কয়েকটি অংশে মিছিল করতে দেখা যায়। একপর্যায়ে মিছিলকারীদের একটি বড় অংশ ইউএস ক্যাপিটল (সংসদ) ভবনের সামনে গিয়ে জড়ো হন।
মিছিলকারীদের হাতে যুক্তরাষ্ট্রের পতাকা, ড্রাম ও ঢালের পাশাপাশি গৃহযুদ্ধকালীন বিচ্ছিন্নতাবাদী ও দাসপ্রথাপন্থি অঙ্গরাজ্যগুলোর প্রতীক কনফেডারেট পতাকা দেখা গেছে, যা মূলত শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদের প্রতীক হিসেবে পরিচিত। প্যাট্রিয়ট ফ্রন্টের টেলিগ্রাম চ্যানেলের তথ্য অনুযায়ী, শনিবারের এ কর্মসূচিতে চার শতাধিক শ্বেতাঙ্গ জাতীয়তাবাদী অংশ নেন। তারা ব্যান্ডের তালে তালে আমেরিকা পুনরুদ্ধার করো বলে স্লোগান দেন।