আলী ইব্রাহিম
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:১৭ এএম
প্রিন্ট সংস্করণ
নতুন সরকার

সিন্ডিকেট ভেঙে অর্থনীতি সচল করাই চ্যালেঞ্জ

সিন্ডিকেট ভেঙে অর্থনীতি সচল করাই চ্যালেঞ্জ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে এককভাবে সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। তবে সরকার গঠনের এই আনন্দোৎসবের মধ্যেই প্রধান বিবেচ্য বিষয় হিসেবে সামনে এসেছে ভঙ্গুর অর্থনীতি সচল করার কঠিন কাজ। দলটির চেয়ারম্যান তারেক রহমান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যেও অর্থনীতি সচল করার বিষয়টি বারবার গুরুত্ব পেয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন সরকারের জন্য এই অর্থনীতি সচল করার পথে সবচেয়ে বড় বাধা ও চ্যালেঞ্জ হলো আগের সরকারের আমলে ব্যবসা-বাণিজ্য থেকে শুরু করে অর্থনীতির প্রতিটি খাতে জেঁকে বসা দীর্ঘদিনের শক্তিশালী সিন্ডিকেট ভেঙে দেওয়া।

ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সিন্ডিকেট বাণিজ্য ছিল সবচেয়ে রমরমা। হাতেগোনা কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করে পণ্যের দাম বাড়িয়ে সাধারণ মানুষের পকেট কেটে শত শত কোটি টাকা হাতিয়ে নিয়েছে। এই সিন্ডিকেট শুধু পণ্য বাজারেই সীমাবদ্ধ ছিল না; নামসর্বস্ব প্রতিষ্ঠানের নামে ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়ে পাচারের পেছনেও ছিল এই সিন্ডিকেট। এমনকি কেন্দ্রীয় ব্যাংকের পলিসি পর্যন্ত নির্ধারিত হতো কিছু নির্দিষ্ট শিল্পগোষ্ঠীর ইচ্ছা-অনিচ্ছার ওপর। এর ফলে বিগত সরকারের আমলে ব্যাংক খাতে খেলাপি ঋণের পাহাড় জমেছে। পণ্যবাজারেও ছিল নির্দিষ্ট কিছু গোষ্ঠীর একক আধিপত্য। তৎকালীন সরকার ঘনিষ্ঠরা বাজারে কৃত্রিম সংকট তৈরি করে বাড়তি টাকা হাতিয়ে নেওয়ায় ভঙ্গুর অর্থনীতির মধ্যেও কিছু ব্যবসায়ী রাতারাতি ‘আঙুল ফুলে কলাগাছ’ বনে গেছেন, যার চরম মাশুল দিতে হচ্ছে সাধারণ ভোক্তাদের। এ ছাড়া নির্দিষ্ট কিছু ব্যবসায়ীকে অন্যায্য কর সুবিধাও দেওয়া হয়েছিল, যা সাধারণ ব্যবসায়ীদের ক্ষতিগ্রস্ত করেছে এবং পুরো নিয়ন্ত্রণ চলে গিয়েছিল সরকার ঘনিষ্ঠদের হাতে। এসব তথাকথিত ব্যবসায়ী নেতারা আবার বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃত্বে থেকে ব্যাংক ঋণ ও সরকারের বাণিজ্য সংক্রান্ত পলিসি নির্ধারণে প্রভাব বিস্তার করতেন।

বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের (বিইএফ) সভাপতি ফজলে শামীম এহসান কালবেলাকে বলেন, ‘প্রতিটি খাতে সিন্ডিকেট খুবই খারাপ। নতুন সরকারের জন্য দীর্ঘদিনের এই সিন্ডিকেট ভেঙে দেওয়া বড় চ্যালেঞ্জ।’ তিনি এর কারণ ব্যাখ্যা করে বলেন, ‘চাইলেই এই সিন্ডিকেট ভেঙে দেওয়া যায় না, এ ক্ষেত্রে আরও বেশিসংখ্যক ব্যবসায়ীকে এসব খাতে সম্পৃক্ত করতে হবে। ধরুন, একটি পণ্যের আমদানির বড় অংশ একটি বড় শিল্প গ্রুপের নিয়ন্ত্রণে। হুট করে এই শিল্পগোষ্ঠীর আমদানি বন্ধ করে দিলে মার্কেট কলাপস করবে, আরও বাড়বে পণ্যের দাম। এ কারণে এই পণ্যের আমদানি যাতে আরও অর্ধশত ব্যবসায়ী করতে পারেন, তার ব্যবস্থা নিতে হবে। এ ছাড়া পণ্যবাজার সম্পর্কিত সরকারি প্রতিষ্ঠানকে স্বচ্ছ করতে হবে। এ-সংক্রান্ত পলিসি যেসব আমলা নির্ধারণ করেন, তাদের কাজের স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। শুধু পণ্য বাজার নয়, আরও কিছু ক্ষেত্রে দীর্ঘদিন ধরে এ ধরনের সুবিধাভোগী গোষ্ঠী তৈরি হয়েছে। তবে একটি সিন্ডিকেট ভাঙতে গিয়ে নতুন করে যাতে আরও একটি সিন্ডিকেট তৈরি না হয়, সেদিকে নজর দিতে হবে নতুন সরকারকে।’

কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, দেশের ব্যাংকগুলো যত টাকা ঋণ দিয়েছে, তার এক-তৃতীয়াংশের বেশিই এখন খেলাপি। মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় সাড়ে ৬ লাখ কোটি টাকা। গত সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংক খাতের বিতরণ করা মোট ঋণের পরিমাণ ১৮ লাখ ৩ হাজার ৮৪০ কোটি টাকা, যার ৩৫ দশমিক ৭৩ শতাংশ এখন খেলাপি। ২০০৯ সালের জানুয়ারিতে আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোট সরকার গঠিত হওয়ার সময় খেলাপি ঋণের পরিমাণ ছিল ২২ হাজার ৪৮১ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংক খেলাপি ঋণের হিসাব করে থাকে ত্রৈমাসিক ভিত্তিতে অর্থাৎ তিন মাস পরপর। গত জুনে খেলাপি ঋণ ছিল ৬ লাখ ৮ হাজার ৩৪৬ কোটি টাকা। তিন মাসের ব্যবধানে তা বেড়েছে ৩৬ হাজার ১৬৯ কোটি টাকা। ব্যাংকাররা বলছেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাংক খাতে খেলাপি ঋণ কম করে দেখানোর যে প্রবণতা ছিল, তা এখন হচ্ছে না। ফলে খেলাপি ঋণের প্রকৃত চিত্র উঠে আসছে। কিছুদিন পর বরং খেলাপি ঋণের হার আরও বাড়বে বলেও জানান তারা।

এদিকে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) পরিসংখ্যান অনুযায়ী, জানুয়ারিতে সামগ্রিক মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৮ দশমিক ৫৮ শতাংশে, যা গত আট মাসের মধ্যে সর্বোচ্চ। ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে ধারাবাহিকভাবে বাড়তে থাকা এই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা নতুন সরকারের জন্য একটি বিশাল চ্যালেঞ্জ। এর পাশাপাশি দেশের ওপর চেপে আছে বিশাল ঋণের বোঝা। বাংলাদেশ ব্যাংক ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সর্বশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে বাংলাদেশের দেশি ও বিদেশি ঋণের মোট পরিমাণ প্রায় ২৩ লাখ ৯৪ হাজার ৭১০ কোটি টাকা। এর মধ্যে বৈদেশিক ঋণ ১৩ লাখ ৬৭ হাজার ৮৬৪ কোটি টাকা এবং দেশি ব্যাংক খাতের ঋণ ১০ লাখ ২৬ হাজার ৮৪৬ কোটি টাকা।

রাজস্ব আহরণের ক্ষেত্রেও নতুন সরকার বড় ধরনের অস্থিরতার সম্মুখীন হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাদের মতে, অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) ক্যাডার বৈষম্য ও বিভাগ বিভাজন নিয়ে তৈরি হওয়া আন্দোলনের ফলে মাঠ পর্যায়ে রাজস্ব আদায়ে নেতিবাচক প্রভাব পড়েছে। চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ছয় মাসে রাজস্ব ঘাটতি দাঁড়িয়েছে ৪৬ হাজার কোটি টাকা। এনবিআর কর্মকর্তাদের মতে, বছর শেষে এই ঘাটতি আরও বাড়বে। বিগত ফ্যাসিবাদ আমলের অবারিত কর অব্যাহতি সুবিধা এবং এনবিআরের বর্তমান অস্থিরতা সামাল দিয়ে লক্ষ্যমাত্রা অনুযায়ী রাজস্ব আদায় করা নতুন সরকারের জন্য আরেকটি কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জানতে চাইলে ডিসিসিআইর সাবেক সভাপতি রিজওয়ান রাহমান কালবেলাকে বলেন, নতুন সরকারের জন্য অর্থনীতি সচল করতে বেশকিছু চ্যালেঞ্জ রয়েছে। তার অন্যতম হলো—দক্ষ লোকের হাতে অর্থনীতির দায়িত্ব তুলে দেওয়া। অর্থাৎ যিনি অর্থমন্ত্রী হবেন বা যিনি বাণিজ্যমন্ত্রী হবেন, তাকে অবশ্যই দক্ষ হতে হবে। কারণ, তাদের কর্মকাণ্ডের ওপর নির্ভর করছে দেশের অর্থনীতির ভবিষ্যৎ। এ ছাড়া তারা কীভাবে বাণিজ্য নীতি নির্ধারণ করবেন বা কী হবে ব্যাংকিং পলিসি, তা নির্ভর করবে তাদের সিদ্ধান্তের ওপর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শুরুতেই ধাক্কা, হেক্সা মিশন সফল করতে পারবে ব্রাজিল?

জামায়াত-শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

চাকরির ইন্টারভিউতে বেতনের প্রশ্নের উত্তর দেবেন যেভাবে

বিশ্বকাপে ৯২ বছরের রেকর্ড অক্ষুণ্ন রাখল ব্রাজিল

মাস শেষে টাকা থাকে না? মধ্যবিত্তের ৭ সাধারণ ভুল

হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো

ছুটির আবেদন মঞ্জুর করানোর বিশেষ ৮ কৌশল

শেষ পর্যন্ত ‘পল্টি’ই মারলেন সাকিব

আজকের নামাজের সময়সূচি

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

১০

ব্রাজিল-মরক্কোর শেয়ানে শেয়ানে টক্কর

১১

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

১২

ব্রাজিলের জালে গোল মরক্কোর

১৩

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

১৪

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

১৫

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

১৬

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

১৭

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

১৮

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

১৯

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

২০
X