

পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো বিজেপি সরকার গঠন করেছে। এতে মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী। কংগ্রেস, বাম, তৃণমূল কংগ্রেসের দীর্ঘ শাসনের পর প্রথম বিজেপি সরকারকে বিশেষ কিছু বিষয়ের প্রতি নজর রাখতে হবে। ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, নতুন সরকারের কিছু চ্যালেঞ্জ রয়েছে। যেগুলো প্রশাসনিক, রাজনৈতিক ও অর্থনৈতিক।
বাংলার রাজনৈতিক সংস্কৃতির মধ্যে নির্বাচন-পরবর্তী সহিংসতা একটি জটিল বিষয়। এবারও তার ব্যতিক্রম হয়নি। এখন নতুন সরকারকে এ বিষয়ে মনোযোগ দিতে হবে। আইনশৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা করতে হবে এবং নিরপেক্ষ পুলিশ প্রশাসন নিশ্চিত করা নতুন সরকারের প্রধান কাজ হবে।
রাজ্যে কেন্দ্রীয় প্রকল্পের সুবিধাগুলো দ্রুততম সময়ে মানুষের কাছে পৌঁছে দেওয়া। এবার নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যে রাজ্যে ব্যাপক শিল্পায়ন ও কর্মসংস্থান সৃষ্টি ছিল। দীর্ঘদিন ধরে বন্ধ থাকা বা রাজ্য ছেড়ে চলে যাওয়া শিল্পকারখানা ফিরিয়ে আনা এবং শিক্ষিত যুবকদের জন্য রাজ্যে কর্মসংস্থানের ব্যবস্থা করাই সরকারের অগ্রাধিকারের তালিকায় রাখতে হবে। আগের সরকারের আমলে বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছিল। কিছুর তদন্তও চলছিল। এখন প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিতের জন্য সেগুলো নিয়ে কাজ করতে হবে। গত শুক্রবার বিজেপির মুখ্যমন্ত্রী হিসেবে নাম ঘোষণার পর শুভেন্দু এসব দ্রুত বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছেন। এ ছাড়া রাজ্যে নাগরিকত্ব সংশোধন আইন কার্যকর করার বিষয়ে যে প্রতিশ্রুতি ছিল তা বাস্তবায়ন করা। এ বিষয়ে নিয়ে যথেষ্ট বিতর্কও রয়েছে। এটা এখন কীভাবে মোকাবিলা করা হয়, সেটি দেখার বিষয়। বিরোধী দল হিসেবে তৃণমূলের চরম বিরোধিতা ও জনসমর্থন ধরে রেখে রাজ্যে শাসনভার সুষ্ঠুভাবে চালানোও চ্যালেঞ্জ হতে পারে।