

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা, উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের স্ত্রী আনোয়ারা আহমেদের দাফন সম্পন্ন হয়েছে। তোফায়েল আহমেদের গ্রামের বাড়ির পরিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়। এর আগে গতকাল জুমার নামাজের পর তার জানাজা হয়। জানাজায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ হাজারো মানুষ অংশ নেয়। গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন আনোয়ারা আহমেদ। তার বয়স ছিল ৭৫ বছর। ঢাকা থেকে শুক্রবার ভোরে তার মরদেহ ভোলায় নিয়ে এসে কালীনাথ বাজারে তার বাবার তালুকদার বাড়িতে রাখা হয়। পরে মরদেহটি ভোলার উপশহর বাংলাবাজার ফাতেমা খানম মসজিদে নিয়ে যাওয়া হয়। জুমার নামাজ শেষে তার জানাজা হয়। হাজারো মানুষ জানাজায় অংশ নিয়ে তার আত্মার মাগফিরাত কামনা করেন। জানাজা শেষে মরদেহ ভোলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের কোড়ালিয়া গ্রামে নেওয়া হয়। সেখানে বেলা আড়াইটার দিকে তোফায়েল আহমেদের পারিবারিক কবরস্থানে আনোয়ারা আহমেদকে দাফন করা হয়।