

নারায়ণগঞ্জের বন্দরে খাল থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার লাউসার এলাকা থেকে এ মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, সকালে খালে মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে ধামগড় পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। ধামগড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাকির হোসেন ভূঁইয়া জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যুবককে অন্য কোনো স্থানে হত্যা করে মরদেহ এখানকার খালে ফেলে দেওয়া হয়। মরদেহের সঙ্গে একটি মোবাইল ফোন পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্ত ও তদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।