বিশেষ প্রতিনিধি
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ০৫ জানুয়ারি ২০২৬, ০৩:০৪ এএম
প্রিন্ট সংস্করণ

পূর্বসূরির দেওয়া রোডম্যাপ এগিয়ে নেবেন নতুন প্রধান বিচারপতি

পূর্বসূরির দেওয়া রোডম্যাপ এগিয়ে নেবেন নতুন প্রধান বিচারপতি

দেশের ২৬তম প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে সংবর্ধনা জানিয়েছে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন ও অ্যাটর্নি জেনারেল কার্যালয়। দায়িত্ব নেওয়ার পর প্রথম কার্যদিবসে গতকাল রোববার আপিল বিভাগের এজলাস কক্ষে তাকে এই সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনার জবাবে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী বলেছেন, ‘আমি বিচার বিভাগের সামগ্রিক উন্নয়নে অবদান রাখবে এমন কিছু পদক্ষেপ গ্রহণের ইচ্ছা পোষণ করি। বিশেষ করে জেলা পর্যায়ের অবকাঠামোগত উন্নয়নে। আমি অবশ্যই আশা করি, আমার সম্মানিত পূর্বসূরি ড. সৈয়দ রেফাত আহমেদের প্রণীত রোডম্যাপের ওপর ভিত্তি করে, প্রযোজন অনুসারে কিছু পরিবর্তন, পরিমার্জনসহ কাজ এগিয়ে নেওয়া হবে। আমি মামলা জট কমাতে এবং বিচারপতি, আইনজীবী এবং বিপুলসংখ্যক ন্যায়বিচার প্রার্থীর নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে চাই।’

আইনজীবীদের প্রতি আহ্বান জানিয়ে নতুন প্রধান বিচারপতি বলেন, আমরা সবাই মিলে এই দেশকে বসবাসের জন্য একটি উত্তম স্থানে পরিণত করার জন্য চেষ্টা করি, যাতে ভবিষ্যৎ প্রজন্ম শান্তি ও সমৃদ্ধির সঙ্গে এগিয়ে আসতে পারে। আমি সর্বশক্তিমান আল্লাহর কাছে এই দেশের কল্যাণ কামনা করি, সবার জন্য একতা ও সমৃদ্ধি প্রার্থনা করি।

প্রধান বিচারপতিকে দেওয়া সংবর্ধনায় বক্তব্য দেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন এবং অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে থাকা অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফ। সংবর্ধনা অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি, সিনিয়র আইনজীবী, সাংবাদিক ও সুপ্রিম কোর্টের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তবে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলাম গতকাল রোববার প্রধান বিচারপতির সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না। তার মা গুরুতর অসুস্থ থাকায় তিনি ছুটিতে রয়েছেন। এর আগে গত ২৮ ডিসেম্বর দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। শপথ নেওয়ার পর গতকাল ছিল তার প্রথম বিচার কর্মদিবস।

‘মামলা জট কমাতে মিথ্যা মামলা দায়ের বন্ধ করতে হবে’

প্রধান বিচারপতিকে দেওয়া সংবর্ধনায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, আদালতের মামলা জট কমাতে হলে মিথ্যা মামলা দায়ের বন্ধ করতে হবে। প্রধান বিচারপতির উদ্দেশে ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেন, বিচার বিভাগকে রাজনীতি থেকে মুক্ত রাখতে হবে। সিন্ডিকেট মুক্ত করতে হবে। আগামীর বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে বিচার বিভাগের প্রতি নতুন প্রজন্ম এবং গণমানুষের যে আশা আকাঙ্ক্ষা, তার প্রতিফলন ঘটানো অত্যাবশ্যক। আমরা আশা করি, আপনি বিচার বিভাগকে প্রভাবমুক্ত করে সম্পূর্ণ স্বাধীন বিচার বিভাগ নিশ্চিত করবেন। নাগরিকের সাংবিধানিক ও মৌলিক অধিকার রক্ষার সর্বোচ্চ চেষ্টা করবেন। মামলা পরিচালনার দীর্ঘসূত্রতা দূর করবেন এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা করবেন। সমাজের সব স্তরে বৈষম্য দূর করার ব্যাপারে সচেষ্ট থাকবেন। গত ১৬ বছরের গুম, হত্যা, মিথ্যা মামলার ব্যাপারে আপনি আমলে আনবেন। তিনি আরও বলেন, বিচার বিভাগের যে কোনো সিন্ডিকেট বন্ধ করতে হবে, দুর্নীতি বন্ধ করতে হবে। গণঅভ্যুত্থানের মাধ্যমে নতুনভাবে দেশ গড়ার প্রত্যয় ও বিচার বিভাগকে সংস্কারের মধ্য দিয়ে যে ইতিবাচক পরিবর্তনের পথে বাংলাদেশ হাঁটছে, সেই যাত্রায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিকে সবসময় আপনার পাশে পাবেন।

‘বিচার বিভাগের সব স্তর থেকে দুর্নীতি নির্মূলের আহ্বান’

শুদ্ধি অভিযানের মাধ্যমে বিচার বিভাগের সব স্তর থেকে দুর্নীতি নির্মূল করতে প্রধান বিচারপতির প্রতি আহ্বান জানিয়েছেন দায়িত্বপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফ। সংবর্ধনায় দেওয়া বক্তৃতায় তিনি বলেন, বিচার বিভাগের জন্য বড় চ্যালেঞ্জ হলো দুর্নীতি; এই বিষবাষ্প বিচারকার্যের সঙ্গে সংশ্লিষ্ট সব কর্মকর্তা ও কর্মচারীকে আক্রান্ত করেছে। তাই জাতি প্রত্যাশা করে, বিচার বিভাগ সব ধরনের সিন্ডিকেট ও দুর্নীতিমুক্ত হোক। ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল তার বক্তব্যে অর্থনৈতিক দুর্নীতির পাশাপাশি বুদ্ধিবৃত্তিক দুর্নীতির ভয়াবহতা তুলে ধরেন।

তিনি বলেন, ‘বুদ্ধিবৃত্তিক দুর্নীতি ডিনামাইটের চেয়েও ধ্বংসাত্মক, অ্যাটম বোমার চেয়েও ভয়াবহ এবং ক্যানসারের চেয়েও মরণঘাতী। সুতরাং শুদ্ধি অভিযানের মাধ্যমে বিচার বিভাগের সব স্তর থেকে দুর্নীতি নির্মূল করতে হবে।’ উচ্চ, নিম্ন আদালতসহ বিচার বিভাগীয় সব কর্মকর্তাকে দুর্নীতির এই চ্যালেঞ্জ সম্পর্কে স্মরণ করিয়ে দেওয়া জরুরি বলে তিনি উল্লেখ করেন।

বিগত পনেরো বছরের প্রেক্ষাপট তুলে ধরে আরশাদুর রউফ বলেন, অতীতে বিচার বিভাগকে দলীয়করণ ও রাজনৈতিক দুর্বৃত্তায়নের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছিল। নির্যাতিত মানুষের পরিবর্তে অবিচারই প্রাধান্য পেয়েছিল। কিন্তু ৫ আগস্ট ছাত্র-জনতার সফল বিপ্লবের পর এক অপার সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। তিনি আরও বলেন, ‘নতুন বাংলাদেশের প্রথম প্রতিশ্রুতিই হলো একটি স্বাধীন ও সার্বভৌম বিচার ব্যবস্থা। স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণের পথে এটিই হবে প্রথম সিঁড়ি।’ তিনি স্বাধীন সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এর নিয়ন্ত্রণ ও অভিভাবকত্বের গুরুদায়িত্ব এখন প্রধান বিচারপতির কাঁধে। বিচারকদের মানসিকতা স্বাধীন করার পরিবেশ নিশ্চিত করাই এখন বড় কাজ।

মামলাজট প্রসঙ্গে দায়িত্বপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল জানান, বর্তমানে আপিল বিভাগে ৩৯ হাজার ৪১৭টি এবং হাইকোর্ট বিভাগে ৬ লাখ ৩৭ হাজার ৮৮২টি মামলা বিচারাধীন। এই বিশাল জট বিচারপ্রার্থী জনগণের মধ্যে হতাশা ও আস্থাহীনতা তৈরি করতে পারে। তাই দ্রুত মামলা নিষ্পত্তির ওপর জোর দিয়ে তিনি বলেন, ‘একই সঙ্গে জাস্টিস হারিড, জাস্টিস বারিড’—এ বিষয়ের প্রতিও সজাগ থাকতে হবে।’ বিচারক নিয়োগের ক্ষেত্রে একাডেমিক যোগ্যতার পাশাপাশি নৈতিক মান, সততা ও সাহসিকতাকে প্রাধান্য দেওয়ার অনুরোধ জানান তিনি। এ ক্ষেত্রে ‘সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগ অধ্যাদেশ, ২০২৫’-এর অধীন গঠিত ‘সুপ্রিম জুডিসিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল’ যুগান্তকারী ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বক্তব্যের শেষে পবিত্র কোরআনের সুরা মায়েদার আয়াত উদ্ধৃত করে তিনি বলেন, ‘যখন তুমি বিচার করো, তখন তাদের মধ্যে ন্যায়ের সঙ্গে ফায়সালা করো। নিশ্চয়ই আল্লাহ ন্যায়নিষ্ঠদের ভালোবাসেন।’ তিনি বিশ্বাস প্রকাশ করেন যে, প্রধান বিচারপতির নেতৃত্বে বিচার বিভাগ তার হারানো গৌরব ও মর্যাদা ফিরে পাবে এবং এটি আর কখনো স্বার্থান্বেষী মহলের কেন্দ্রে পরিণত হবে না।

‘খালেদা জিয়াকে গভীর শ্রদ্ধায় স্মরণ’

প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে দেওয়া সংবর্ধনায় সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে গভীর শ্রদ্ধায় স্মরণ করা হয়েছে। বক্তৃতায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেন, দেশের বিচার বিভাগের স্বাধীনতা ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেছেন খালেদা জিয়া। আমরা তাকে গভীর শ্রদ্ধায় স্মরণ করছি। দায়িত্বপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফ খালেদা জিয়াকে স্মরণ করে বলেন, গভীর শ্রদ্ধা নিবেদন করছি অতি সম্প্রতি বিরল সম্মানের সঙ্গে বিদায় নেওয়া বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী ও দেশনেত্রী খালেদা জিয়ার প্রতি। তিনি এই জাতির ও গণতন্ত্রের জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছেন। মহান আল্লাহর কাছে দোয়া করছি, তিনি যেন এই মহীয়সী নারীকে জান্নাতুল ফেরদাউস দান করেন।

সংস্কার ও অগ্রযাত্রায় সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য

দায়িত্বপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফ সংবর্ধনায় দেওয়া বক্তৃতায় বলেছেন, বিচার বিভাগের সংস্কার ও অগ্রযাত্রায় সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য। তিনি বলেন, ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনের প্রক্রিয়ায় সাংবাদিকদের অবদান অনবদ্য। সাংবাদিকদের এজন্য রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলা হয়। আদালতের গুরুত্বপূর্ণ সংবাদগুলো তাদের মাধ্যমেই জাতি জানতে পারে। এজন্য আপনার মাধ্যমে সাংবাদিক বন্ধুদের আরও বেশি দায়িত্বশীলতার সঙ্গে পেশাগত কাজ করার আহ্বান জানাতে চাই। কোনো সংবাদের কারণে যেন অপ্রত্যাশিতভাবে কোনো ঘটনা বা কোনো ব্যক্তি ‘মিডিয়া ট্রায়ালে’র নির্মম শিকারে পরিণত না হয়, সে ব্যাপারে সচেতন থাকা জরুরি বটে। একইভাবে আদালতের সব বক্তব্য বা আইনজীবীর সব সাবমিশন সংবাদের বিষয় নয়, সে বিষয়েও সজাগ দৃষ্টি রেখে সংবাদ তৈরি করা দরকার।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ দেশকে লোহিত সাগর এড়িয়ে চলার পরামর্শ ইইউ নৌবাহিনীর

বিচারক না হলে প্রতিযোগী হিসেবেই অংশ নিতাম : ফাহমিদা নবী

গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়

সৌদি আরবের ওপর হুতিদের নিষেধাজ্ঞা নিয়ে পাকিস্তানের প্রতিক্রিয়া

শাপলা চত্বর থেকেই জুলাই গণঅভ্যুত্থানের ভিত্তি তৈরি হয়েছিল: সানাউল্লাহ খান

কঠোর হলো ভারতীয় বোর্ড, আনল ৫ নতুন নিয়ম

বুয়েটের নতুন প্রোভিসি হলেন ড. মুহাম্মদ শরীফুল ইসলাম

হাদিস অনুযায়ী যে সময় শিশুদের বাইরে রাখা উচিত নয়

বেসরকারি খাতে বিদ্যুৎ বিতরণ ছেড়ে দেওয়ার পরিকল্পনা সরকারের: জ্বালানিমন্ত্রী

স্টোর রুমে নিয়ে শিক্ষার্থীকে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার

১০

যশোরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

১১

জুলাই গণঅভ্যুত্থানে হত্যাযজ্ঞ / সাবেক এমপি মনিরুলসহ চারজনকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

১২

পিকঅ্যাক্স মাউন্টেনে কোনো পারমাণবিক কার্যক্রম নেই: ইরান

১৩

মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

১৪

নিউইয়র্কে একক কনসার্টে গান শোনাবেন অভিনেতা অপূর্ব

১৫

এনআরবি ব্যাংক-নগদের মধ্যে কৌশলগত অংশীদারত্বের চুক্তি

১৬

দল থেকে বহিষ্কার, গাজী নজরুলের এমপি পদ কি থাকবে?

১৭

সাঁতার জানতেন না কাউসার, সহকর্মীকে উদ্ধারে গিয়ে হারালেন প্রাণ

১৮

রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৯

অস্ত্র মামলায় আনিসুল হকের বিরুদ্ধে চার্জগঠন পেছাল

২০
X