

বাংলাদেশের আন্তর্জাতিক সংগীত প্রতিযোগিতা ইউরোভিশন সং কনটেস্ট এশিয়া ২০২৬-এর জন্য প্রতিনিধি বাছাইয়ের আয়োজন ‘ভয়েস অব বাংলাদেশ’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। উদ্বোধন অনুষ্ঠানে বিচারকের আসনে থাকা সংগীতশিল্পী ফাহমিদা নবী এই আয়োজনের ভূয়সী প্রশংসা করে বলেন, সুযোগ পেলে তিনি নিজেই প্রতিযোগী হিসেবে অংশ নিতেন।
মঞ্চে বক্তব্য দিতে গিয়ে ফাহমিদা নবী বলেন, “আমি যদি ‘ভয়েস অব বাংলাদেশ’ অনুষ্ঠানের বিচারক না হতাম, তাহলে আমি নিজেই এই মঞ্চে গান গাইতাম প্রতিযোগী হিসেবে। খুবই সুন্দর একটা প্ল্যাটফর্ম এটি। মৌলিক গান নিয়ে আন্তর্জাতিক মঞ্চে গাওয়ার এই সুন্দর সুযোগ মিস করার মতো নয়।”
তিনি বলেন, ‘বাংলাদেশের সংগীতশিল্পীদের জন্য এটি একটি ঐতিহাসিক সুযোগ। মৌলিক গান নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতিনিধিত্ব করার এমন প্ল্যাটফর্ম নতুন শিল্পীদের জন্য অনুপ্রেরণার পাশাপাশি বৈশ্বিক পরিসরে নিজেদের তুলে ধরার সুযোগ তৈরি করবে।'
বাংলাদেশ প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে অংশ নিতে যাচ্ছে ইউরোভিশন সং কনটেস্ট এশিয়া ২০২৬-এ। দেশের প্রতিনিধি নির্বাচনের লক্ষ্যে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ আয়োজন করেছে ‘ভয়েস অব বাংলাদেশ’। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করছেন ফাহমিদা নবীর পাশাপাশি হামিন আহমেদ, বাপ্পা মজুমদার, শওকত আলী ইমন ও আঁখি আলমগীর। পুরো আয়োজন সঞ্চালনা করছেন তাহসান খান।
গত মে ও জুন মাসে আবেদন গ্রহণের পর প্রাথমিক বাছাই শেষে নির্বাচিত ১২ জন প্রতিযোগীকে নিয়ে চলছে বিশেষ গ্রুমিং সেশন। আগামী ৩০ সেপ্টেম্বর গ্র্যান্ড ফিনালের মাধ্যমে নির্বাচিত হবে বাংলাদেশের প্রতিনিধি। তিনি আগামী ১৪ নভেম্বর থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিতব্য ইউরোভিশন সং কনটেস্ট এশিয়া ২০২৬-এ বাংলাদেশের হয়ে অংশ নেবেন।
এশিয়ার প্রথম এই আয়োজনটিতে বাংলাদেশ ছাড়াও অংশ নিচ্ছে দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, ভিয়েতনাম, মালয়েশিয়া, নেপাল, ভুটান, কম্বোডিয়া ও লাওস। আয়োজকদের আশা, এই প্রতিযোগিতা এশিয়ার শিল্পীদের জন্য আন্তর্জাতিক সংগীত অঙ্গনে নতুন দিগন্ত উন্মোচন করবে।