

রাজধানীর পুরান ঢাকার আগামাসি লেন এলাকায় একটি জুতার কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাতে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় রাত ১১টা ৩৫ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।
এর আগে, রাত ১০টা ৪৫ মিনিটে আগামাসি লেন এলাকার একটি সাততলা ভবনের চারতলায় এ আগুন লাগে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাত ১০টা ৪৫ মিনিটে আগামাসি লেনের ওই ভবনে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস। এরপর দ্রুত তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। একপর্যায়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।