

রাজধানীর নর্দা এলাকায় ২ বাসের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০-১২ জন।
এর আগে বুধবার (২৭ মে) সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, লাইজু বেগম (৩৮), তার স্বামী কবির জমাদ্দার (৪৭), খুশি বেগম (৩৫) ও রবিউল (২২)। তাদের বাড়ি বাগেরহাটের মোংলা ও পটুয়াখালীর মির্জাগঞ্জ এলাকায়।
জানা যায়, দুর্ঘটনার পরই ইসলাম পরিবহনের বাসের চালক ও হেল্পার পালিয়ে যান।
আহতদের কুর্মিটোলা হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে পুলিশ।
প্রত্যাক্ষদর্শীদের তথ্যমতে, পটুয়াখালী থেকে ছেড়ে আসা ইসলাম পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডার ভেঙে বিপরীত লেনে উঠে যায়। পরে উত্তরা থেকে গুলিস্তানগামী আকাশ পরিবহনের একটি বাসকে ধাক্কা দেয়। এতে দুটি বাসই ক্ষতিগ্রস্ত হয় এবং এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন ঈদে ঘরমুখী যাত্রীরা।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন ভাটারা থানার উপপরিদর্শক নেসার উদ্দিন। তিনি জানান, নতুন বাজারের নর্দা এলাকায় সড়কে ভিড় ছিল। এ সময় বেপরোয়া গতিতে আসা ইসলাম পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারের ওপর উঠে বিপরীত লেনের বাসে ধাক্কা দেয়। আকাশ পরিবহনের বাসে যাত্রী বেশি থাকায় হতাহতের সংখ্যা বেড়ে যায়।