

বিদেশি বিনিয়োগ আকর্ষণে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) কাঠামোবদ্ধ লিড জেনারেশন ও সক্রিয় বিনিয়োগ পাইপলাইন ব্যবস্থাপনা ইতোমধ্যে ইতিবাচক ফল দিতে শুরু করেছে। ২০২৫ সালে ২০টি দেশের ৭০ জন সম্ভাব্য বিনিয়োগকারীকে সম্পৃক্ত করে গড়ে তোলা প্রায় ১ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ পাইপলাইন থেকে ইতোমধ্যে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ সিদ্ধান্ত ও বাস্তবায়নের পর্যায়ে পৌঁছেছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বিডার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিডার তথ্য অনুযায়ী, ২০২৫ সালের বিনিয়োগ পাইপলাইনে ২০টি দেশের ৭০ জন শীর্ষস্থানীয় বিনিয়োগকারী যুক্ত ছিলেন। এর মধ্যে তুরস্ক, চীন, সিঙ্গাপুর, নেদারল্যান্ডস ও দক্ষিণ কোরিয়া ছিল প্রধান বিনিয়োগকারী দেশ। পাইপলাইন থেকে ১৫ শতাংশের বেশি বিনিয়োগ সফলভাবে ‘ডিসিশন ও এক্সিকিউশন’ পর্যায়ে পৌঁছেছে, যা বৈশ্বিক মানদণ্ডের তুলনায়ও এগিয়ে বলে দাবি করেছে সংস্থাটি।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিডার সহায়তায় কয়েকটি বড় আন্তর্জাতিক বিনিয়োগ ইতোমধ্যে বাস্তব রূপ নিতে শুরু করেছে। এর মধ্যে হংকংভিত্তিক হ্যান্ডা ইন্ডাস্ট্রিজ বাংলাদেশে তাদের বিনিয়োগ ১৫০ মিলিয়ন ডলার থেকে বাড়িয়ে ৩০০ মিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করেছে। প্রকল্পটি পুরোপুরি বাস্তবায়িত হলে প্রায় ২৫ হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে।
এ ছাড়া চীনের হেনগলি গ্রুপ নারায়ণগঞ্জের বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোনে প্রায় ৩৫ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগে উন্নত টেক্সটাইল প্রযুক্তিনির্ভর উৎপাদন কারখানা স্থাপন করছে। এই বিনিয়োগ দেশের টেক্সটাইল ভ্যালু চেইনকে আরও শক্তিশালী করবে বলে আশা করছে বিডা।
শ্রীলঙ্কার সফটলজিক লাইফ ইন্স্যুরেন্স প্রায় ২ মিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগে ডায়মন্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ৬০ শতাংশ মালিকানা অধিগ্রহণ করতে যাচ্ছে। বিডার ভাষ্য, এটি বাংলাদেশের জীবন বীমা খাতে একটি গুরুত্বপূর্ণ বৈদেশিক বিনিয়োগের মাইলফলক।
অন্যদিকে, চায়না লেসো গ্রুপ চট্টগ্রামের ন্যাশনাল স্পেশাল ইকোনমিক জোনে ৩২ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগে একটি আধুনিক উৎপাদন প্ল্যান্ট স্থাপন করবে। এখানে পিভিসি ও পিইএক্স পাইপ, সোলার প্যানেল, স্যানিটারি সামগ্রীসহ বিভিন্ন নির্মাণসামগ্রী উৎপাদন হবে।
মালয়েশিয়ার খুচরা বিক্রেতা এমআর.ডিআইওয়াই বাংলাদেশে তাদের ব্যবসা সম্প্রসারণ অব্যাহত রেখেছে। বর্তমানে প্রতিষ্ঠানটি দেশে ১৭টির বেশি মেগা স্টোর পরিচালনা করছে এবং দেশব্যাপী তাদের নেটওয়ার্ক আরও বিস্তৃত করছে।
এ ছাড়া বিশ্বের অন্যতম এয়ারলাইন অ্যামেনিটি কিট প্রস্তুতকারী প্রতিষ্ঠান মেগারিচ বাংলাদেশে প্রায় ১৫ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। এই বিনিয়োগ দেশের রপ্তানি বহুমুখীকরণে নতুন সম্ভাবনা তৈরি করবে বলে জানিয়েছে বিডা।
বিডা জানিয়েছে, গত ১২ থেকে ১৫ মাসে ১ দশমিক ৫ বিলিয়ন ডলারের বিনিয়োগ পাইপলাইন থেকে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ বাস্তবায়ন বা চূড়ান্ত সিদ্ধান্তের পর্যায়ে পৌঁছানো অত্যন্ত উৎসাহব্যঞ্জক। আগামী দিনে খাতভিত্তিক ও দেশভিত্তিক লক্ষ্য নির্ধারণ করে বিনিয়োগকারীদের সঙ্গে কাজ আরও জোরদার করা হবে। পাশাপাশি ২০২৬ সালে নতুন করে আরও ১ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলারের সম্ভাব্য বিনিয়োগ পাইপলাইনে যুক্ত করার লক্ষ্য নির্ধারণ করেছে সংস্থাটি।