

গাইবান্ধায় একটি বিক্ষোভ সমাবেশে হিন্দুদের দেবতা রামচন্দ্রের ছবি ‘অবমাননার’ প্রতিবাদে ঢাকার শাহবাগ এলাকায় বিক্ষোভ ও মশাল মিছিল করেছেন সনাতন ধর্মাবলম্বীরা। আজ শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত এই বিক্ষোভ মিছিলে ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, এই সনাতনী সম্প্রদায় আপনাকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী নির্বাচন করেছে। আপনি ঘুমিয়ে আছেন, কিন্তু ঘুম ভাঙলে দেখবেন আপনার প্রধানমন্ত্রীর চেয়ার নাই। আজকের যে ব্যানার নিয়ে আমরা আন্দোলন শুরু করেছি এটা ঢাকা থেকে শুরু হলেও আগামী দিনে এটি সারা বাংলাদেশের ৬৪ জেলায় ছড়িয়ে পড়বে।
বক্তারা বলেন, আমাদের এক দফা এক দাবি, যারা রামের অবমাননা করেছে তাদেরকে অনতিবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। ঠিক যতদিন পর্যন্ত তাদের গ্রেপ্তার করা না হবে, ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। আমরা রাজপথ ছাড়বো না। আজকের এই কর্মসূচির পরে বিভিন্ন সংগঠন বিভিন্নভাবে কর্মসূচি দিয়েছে।
‘আগামীকাল পূজা উদযাপন পরিষদের সারা বাংলাদেশে কর্মসূচি রয়েছে। আমরা সেখানে একাত্বতা ঘোষণা করছি। আমরা এই সরকারকে আবারো ৭২ ঘণ্টা সময় দিলাম, এর মধ্যে যদি এই দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার করা না হয়, আমরা সনাতনী সম্প্রদায় আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে রোববার ধর্ম মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি পেশ করব।’