

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় নানাবাড়িতে বেড়াতে এসে ডোবার পানিতে ডুবে আব্দুর রহমান (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) সকালে উপজেলার নাকাই ইউনিয়নের নাকাই গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আব্দুর রহমান একই উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের কুন্দুলপাড়া গ্রামের মোহাম্মদ আল আমিনের একমাত্র ছেলে। কয়েকদিন আগে মায়ের সঙ্গে সে নানাবাড়িতে বেড়াতে এসেছিল।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে আব্দুর রহমানকে বাড়ির উঠানে খেলতে দেখে অন্য কাজে ঘরের ভেতরে যান তার মা শিউলি বেগম। কিছুক্ষণ পর বাইরে এসে ছেলেকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের বাড়িতেও খোঁজ নেওয়া হয়। কিন্তু কোথাও শিশুটির সন্ধান মেলেনি।
একপর্যায়ে পরিবারের সদস্যদের সন্দেহ হয়, বাড়ির সামনের ডোবায় পড়ে যেতে পারে শিশুটি। পরে ডোবায় খোঁজাখুঁজি শুরু করা হলে বাঁশের লাঠির সঙ্গে কিছু আটকে যায়। তাৎক্ষণিকভাবে পানিতে নেমে আব্দুর রহমানকে উদ্ধার করা হলেও তখন তিনি আর বেঁচে ছিলেন না।
শিশুটির মা শিউলি বেগম বলেন, ‘ছেলেকে উঠানে খেলতে রেখে ঘরের কাজে ব্যস্ত ছিলাম। কিছুক্ষণ পর বাইরে এসে তাকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করি। পরে ডোবায় তার মরদেহ পাওয়া যায়।’
বাবা মোহাম্মদ আল আমিন বলেন, ‘আজ সকালে স্ত্রী ও ছেলেকে নিয়ে বাড়ি ফেরার কথা ছিল। তাদের আনতে যাওয়ার পথে ছেলের পানিতে পড়ে যাওয়ার খবর পাই। ঘটনাস্থলে এসে দেখি আমার একমাত্র সন্তান আর বেঁচে নেই। এই শোক আমি কীভাবে সহ্য করব, জানি না।’