

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় কয়েকটি মন্দির ও দেবমূর্তি নির্মাণকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে গভীর উদ্বেগ ও শঙ্কা প্রকাশ করেছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ।
শনিবার (১৩ জুন) বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের দপ্তর সম্পাদক শচীন্দ্র নাথ বাড়ৈ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
পরিষদের সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা এবং মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব ও সাধারণ সম্পাদক ড. তাপস চন্দ্র পাল যুক্ত বিবৃতিতে বলেন, মন্দির ও দেবমূর্তি নির্মাণ নিয়ে একটি মহল সনাতন ধর্মকে অশালীন ভাষায় আক্রমণ ও উসকানিমূলক অবমাননা করে চলেছে, যা হিন্দু সম্প্রদায়কে এক নাজুক অবস্থা ও দেশকে অস্থিতিশীল পরিস্থিতির দিকে ঠেলে দিতে পারে। আন্তর্জাতিকভাবেও বিষয়টি বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে।
বিবৃতিতে বলা হয়, সম্প্রতি মিছিলে ধর্মীয় উসকানিমূলক বক্তব্য প্রদান ও ভগবান শ্রীরামচন্দ্রের ছবির প্রতি জুতানিক্ষেপের ঘটনা ঘটেছে, যা হিন্দু সম্প্রদায়কে গভীরভাবে মর্মাহত করেছে। এ ঘটনায় হিন্দু ধর্মকেও অবমাননা করা হয়েছে।
তবে আশার কথা সরকার ও দায়িত্বশীল রাজনৈতিক শক্তি তাৎক্ষণিকভাবে পরিস্থিতি মোকাবিলায় ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করেছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
এতে আরও বলা হয়, দেড় বছরের দুঃসহ অবস্থার পর নির্বাচনের মাধ্যমে দেশ যখন ইতিবাচক ধারার দিকে এগিয়ে যাচ্ছে, এ সময়ে ধর্ম নিয়ে ফের বিরূপ অবাঞ্চিত পরিস্থিতি সৃষ্টি অগণতান্ত্রিক ও সাম্প্রদায়িক শক্তির হাতকেই শক্তিশালী করবে।
এ অবস্থায় সরকার, নাগরিক সমাজ ও গণতান্ত্রিক শক্তিকেই সম্প্রীতি অক্ষুণ্ন রেখে দেশের অগ্রগতি নিশ্চিত করতে জাতীয় স্বার্থে ভূমিকা রাখতে হবে।