

দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ অঞ্চলে একই দিনে আকিজবশির কেবলসের ৩২টি নতুন সেলস সেন্টার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়েছে।
রোববার (১ ফেব্রুয়ারি) অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে একযোগে উদ্বোধন করা হয় সেলস সেন্টারগুলো।
অনলাইন উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশগ্রহণ করেন আকিজবশির গ্রুপের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক, তসলিম মোহাম্মাদ খান, চিফ অপারেটিং অফিসার, মোহাম্মাদ খুরশেদ আলম এবং পরিচালক (মানব সম্পদ), দিলরুবা সারমিন খানম।
অনুষ্ঠানে আরও অংশগ্রহণ করেন আকিজবশির গ্রুপের পরিচালক (অর্থ ও হিসাব) মোহাম্মাদ জাহিদ হোসেন, হেড অব বিজনেস (কেবলস) মোহাম্মাদ ওমর ফারুকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়া ব্যবসায়িক অংশীদার, ডিলার ও আমন্ত্রিত অতিথিরাও এতে অংশগ্রহণ করেন।
এই উদ্যোগের মাধ্যমে আকিজবশির কেবলস দেশের প্রত্যন্ত অঞ্চলসহ সর্বত্র গ্রাহকদের কাছে উন্নতমানের ও নিরাপদ বৈদ্যুতিক কেবল সহজে পৌঁছে দেওয়ার লক্ষ্যে আরও এক ধাপ এগিয়ে গেল।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তি ও আন্তর্জাতিক মানসম্পন্ন উৎপাদন প্রক্রিয়ার মাধ্যমে আকিজবশির গ্রুপ দীর্ঘদিন ধরে গ্রাহকদের আস্থা অর্জন করে আসছে। তারই ধারাবাহিকতায় সম্প্রতি চালু হয় আকিজবশির কেবলসের উৎপাদন এবং বাজারজাতকরণ। আজ (রোববার) ৩২টি সেলস সেন্টার চালুর ফলে গ্রাহকসেবা আরও গতিশীল হবে।
এছাড়া ৩২টি সেলস সেন্টার চালুর ফলে ডিলার নেটওয়ার্ক অনেক বেশি শক্তিশালী হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।
আকিজবশির গ্রুপের চিফ অপারেটিং অফিসার মোহাম্মাদ খুরশেদ আলম বলেন, ডিজিটাল বাংলাদেশের ধারাবাহিকতায় অনলাইন মাধ্যমে ৩২টি সেলস সেন্টার উদ্বোধন আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এর মাধ্যমে আমরা দেশের প্রতিটি অঞ্চলে নিরাপদ ও মানসম্মত কেবল সরবরাহ নিশ্চিত করতে পারব।
উল্লেখ্য, আকিজবশির কেবলস সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন ধরনের বৈদ্যুতিক কেবল উৎপাদন করছে।