

মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (এমআইএসটি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের বরণে ‘ফ্রেশার্স ডে-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। গত ১৪ জুন রাজধানীর এমআইএসটি ক্যাম্পাসের শহিদ ইয়ামিন অডিটরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নেন নবাগত শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা। মঙ্গলবার (১৬ জুন) আইএসপিআর এ তথ্য জানিয়েছে।
চলতি শিক্ষাবর্ষে এমআইএসটির ১৫টি বিএসসি ইঞ্জিনিয়ারিং, সায়েন্স এবং আর্কিটেকচার বিভাগের মোট ৯৫৫ জন শিক্ষার্থী এমআইএসটিতে ভর্তি হন, যাদের মধ্যে ১৩৩ সামরিক বাহিনীর সদস্য।
আইএসপিআর জানায়, অনুষ্ঠান শুরু হয় জাতীয় সংগীত পরিবেশন ও সম্মান প্রদানের মাধ্যমে। এরপর প্রেজেন্টেশন ও প্রামাণ্যচিত্রের মাধ্যমে এমআইএসটির একাডেমিক ও প্রশাসনিক কাঠামো সম্পর্কে নবীন শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের অবহিত করা হয়। অনুষ্ঠানে দুজন বর্তমান শিক্ষার্থী তাদের শিক্ষাজীবনের অভিজ্ঞতা তুলে ধরেন এবং নবাগত শিক্ষার্থীদের মধ্য থেকেও কয়েকজন তাদের অনুভূতি ব্যক্ত করেন। এ সময় অভিভাবকরাও প্রতিষ্ঠানের প্রতি তাদের সন্তোষ ও আস্থার কথা প্রকাশ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মামুন আহমেদ, চেয়ারম্যান, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। প্রধান অতিথি তার বক্তব্যে নবীন শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং শৃঙ্খলা, অধ্যবসায় ও সৃজনশীলতার মাধ্যমে তাদের ভবিষ্যৎ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। লেখাপড়ার পাশাপাশি রোবোটিক্স, সাইবার সিকিউরিটি, এরোনটিক্স, বিতর্ক, সাহিত্য ও সাংস্কৃতিক কার্যক্রমসহ বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে নেতৃত্বের গুণাবলি অর্জন ও ব্যক্তিত্বের পরিপূর্ণ বিকাশে তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
এতে এমআইএসটির কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান, এসজিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসিসহ এমআইএসটির বিভিন্ন ফ্যাকাল্টির ডিন ও বিভাগীয় প্রধান, ফ্যাকাল্টি সদস্য, স্টাফ অফিসার, নবীন শিক্ষার্থী এবং তাদের গর্বিত অভিভাবকরা উপস্থিত ছিলেন।
প্রাণবন্ত এই অনুষ্ঠান নতুন শিক্ষাবর্ষের এক আশাব্যঞ্জক ও অনুপ্রেরণামূলক সূচনা হিসেবে বিবেচিত হয়েছে।