

কুষ্টিয়ার ভেড়ামারায় মোটরসাইকেল ও কাভার্ডভ্যানের সংঘর্ষে ওসিসহ দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর ১২টায় উপজেলার লালনশাহ সেতুর পশ্চিম পাড়ে পাবনা-কুষ্টিয়া হাইওয়েতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রংপুরের পীরগাছা থানার মৃত নূর মোহাম্মদের ছেলে ওসি মো. মোজাহারুল ইসলাম (৫৩) ও রাজশাহীর তানোর থানার কসিমদ্দিনের ছেলে এএসআই মো. কয়েজ উদ্দিন (৫০)। তারা উভয়েই পাবনার ঈশ্বরদী জোনের ডিএসবিতে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোজাহারুল ইসলাম ও কয়েজ উদ্দিন ঈশ্বরদী থেকে লালনশাহ সেতুর পশ্চিমপাড়ের দিকে আসছিলেন। তারা ব্রিজের পশ্চিম পাড়ে ইউটার্ন নেওয়ার জন্য এসেছিলেন। এ সময় একই দিক থেকে আসা কুষ্টিয়াগামী একটি কাভার্ডভ্যান পাবনা-কুষ্টিয়া হাইওয়ের লালনশাহ ব্রিজের পশ্চিম পাড়ের টোলপ্লাজা সংলগ্ন স্থানে মোটরসাইকেলকে চাপা দিয়ে চলে যায়।
তারা আরও জানান, দুজনই মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে কাভার্ডভ্যানের চাকার নিচে পিষ্ট হন। ঘটনাস্থলে মারা যান দুজন। দুর্ঘটনায় খবর পেয়ে ভেড়ামারা থানা পুলিশ, কুষ্টিয়া চৌড়হাস থানা হাইওয়ে পুলিশ, ঈশ্বরদী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
ঈশ্বরদী থানার ওসি মমিনুজ্জামান কালবেলাকে বলেন, নিহত পুলিশ সদস্যদের মরদেহ কুষ্টিয়া হাইওয়ে থানার পুলিশ সদস্যরা নিয়ে গেছে। গতকালই ওসি মোজহারুল ইসলাম ঈশ্বরদী থানায় যোগদান করেছে। আইনে প্রক্রিয়া শেষে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।
কুষ্টিয়া চৌড়হাস থানার ওসি আবু ওবায়েদ বলেন, ঈশ্বরদী জোনের দুজন ডিএসবি কর্মকর্তা লালনশাহ সেতুর পশ্চিম পাড়ে ইউটার্ন নেওয়ার জন্য এসেছিলেন। একই দিক থেকে আসা দ্রুতগতির একটি কাভার্ডভ্যান পেছন দিক থেকে মোটরসাইকেলকে চাপা দিলে দেয়। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
ভেড়ামারা থানার ওসি মুহাম্মদ জাহেদুর রহমান কালবেলাকে বলেন, দুর্ঘটনায় দুই পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। কাভার্ডভ্যান চালক গাড়ি নিয়ে পালিয়ে গেছে। ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে এসেছেন। আইন অনুযায়ী পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হবে।