

বগুড়ার গাবতলীতে সুখদহ নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে মেহেদী হাসান (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। বুধবার (৩ জুন) দুপুর ১টার দিকে উপজেলার দুর্গাহাটা ইউনিয়নের বটিয়াভাঙ্গা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
মৃত মেহেদী হাসান গাবতলী সদর ইউনিয়নের তরফ সরতাজ দক্ষিণপাড়া গ্রামের জুয়েল প্রামাণিকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে বটিয়াভাঙ্গা গ্রাম এলাকায় সুখদহ নদীতে অন্য বন্ধুদের সঙ্গে গোসল করতে নামে মেহেদী। সাঁতার না জানার কারণে একপর্যায়ে সে নদীর তীব্র স্রোতে গভীর পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয় লোকজন ও জেলেরা নদী থেকে তাকে উদ্ধার করে ডাঙায় তুললেও ততক্ষণে তার মৃত্যু হয়। কিশোর মেহেদীর এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে তার পরিবার ও পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে চারপাশ।
গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিব হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছেন। সুরতহাল প্রতিবেদন তৈরি করাসহ এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।