

কক্সবাজারের মাতামুহুরি উপজেলায় সাত বছর বয়সী শিশুকে অপহরণচেষ্টার অভিযোগে সোহেল নামে এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
শনিবার (৪ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ব্রাহ্মণপাড়ায় এ ঘটনা ঘটে। আটক সোহেল (২৫) একই এলাকার ফররুখ আহমদের ছেলে।
স্থানীয়রা জানায়, শনিবার শেষ রাতে ঘরের দরজার ছিটকিনি খুলে একই এলাকার এহেছানের সাত বছর বয়সী মেয়ে শিশুকে ঘুমন্ত অবস্থায় অপহরণ করে নিয়ে যাওয়ার সময় পা পিছলে উঠানে পড়ে যায়। এ সময় শিশুর চিৎকারে মা-বাবা ঘর থেকে বের হয়ে তাদের মেয়েকে দেখতে পায়। পরে অপহরণকারীর ফেলে যাওয়া টর্চলাইট ও হিজাবের সূত্র ধরে সোহেলকে শনাক্ত করে। তার খোঁজ নিতে গিয়ে তার চাচার বাড়িতে লুকিয়ে রাখা অবস্থায় দেখতে পায় ভুক্তভোগীর স্বজনরা।
পরে এলাকার লোকজন সোহেলকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে। তার মোবাইল চেক করে দেখা গেছে, ওই শিশুকে অপহরণ করে কক্সবাজার একজনের কাছে বিক্রি করার কথা ছিল। এছাড়া সোহেলের বিরুদ্ধে বিভিন্ন সময়ে চুরির অভিযোগ রয়েছে।
চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার অভিজিৎ দাশ বলেন, স্থানীয় জনতার হাত থেকে সোহেল নামে ওই যুবককে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তার মোবাইল ফোনের তথ্য এবং অপহরণচেষ্টার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।