

রাঙামাটিতে থেমে থেমে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এতে পাহাড়ধসের ঝুঁকি দেখা দিয়েছে। ঝুঁকিতে বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে মাইকিং করছে প্রশাসন।
সোমবার (৬ জুলাই) সকাল থেকে রাঙামাটিতে থেমে থেমে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। এতে জেলা শহরের বিভিন্ন এলাকায় পাহাড়ধসের আশঙ্কা তৈরি হয়েছে।
পাহাড় ধসজনিত ক্ষয়ক্ষতি এড়াতে শহরের ঝুঁকিপূর্ণ এলাকাগুলোয় মাইকিং করে পাহাড়ের ঢালে বসবাসকারী লোকজনকে নিরাপদ আশ্রয় কিংবা নিকটস্থ আশ্রয়কেন্দ্রে যাওয়ার আহ্বান জানানো হচ্ছে।
রাঙামাটি আবহাওয়া অফিসের তথ্যমতে, সোমবার দুপুর ১২টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৪০ দশমিক ৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
রাঙামাটি সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আসলাম সারোয়ার জানান, আমরা এরই মধ্যে শহরের শিমুলতলী, রূপনগরসহ আশপাশের এলাকায় মাইকিং করেছি, যাতে ঝুঁকিতে বসবাস করা লোকজন নিরাপদ আশ্রয়ে চলে আসে। শহরের এসব এলাকায় সবচেয়ে বেশি মানুষ ঝুঁকিতে বসবাস করছে।
তিনি আরও জানান, দুপুর পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে খোলা লোকনাথ ব্রহ্মচারী সেবা আশ্রম আশ্রয়কেন্দ্রে কেউ আশ্রয় নেয়নি।
জেলা প্রশাসনের তথ্যমতে, রাঙামাটি শহরে ১১টিসহ জেলায় মোট ৪৪টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।