

জামালপুর-১ আসনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এমপি নূর মোহাম্মদকে শ্যোন অ্যারেস্ট দেখানোর অনুমতি দিয়েছে জামালপুরের একটি আদালত। বৃহস্পতিবার (০৯ জুলাই) দুপুরে জামালপুরের বকশীগঞ্জ আমলি আদালতের বিচারক তানজিনা আক্তার ওই এমপিকে শ্যোন অ্যারেস্টের অনুমতি দিয়েছেন।
বকশীগঞ্জ থানায় বিস্ফোরক আইনে দায়েরকৃত একটি মামলায় তাকে শ্যোন অ্যারেস্ট দেখানোর অনুমতি দেওয়া হয়েছে।
জামালপুর জজ আদালতের রাষ্ট্র পক্ষের আইনজীবী আনিসুজ্জামান গামা বলেন, ২৪ সালের ৫ আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতনের পর সাবেক এমপি নূর মোহাম্মদ পালিয়ে যান; পরে বকশীগঞ্জ থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
পরে ঢাকার একটি মামলায় পলাতক ওই এমপিকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। কারাগারে থাকা অবস্থায় বকশীগঞ্জ থানায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়েছে। বিচারক তদন্ত কর্মকর্তার আবেদন মঞ্জুর করে শ্যোন অ্যারেস্ট দেখানোর অনুমতি দিয়েছেন।
আগামী ১৪ জুলাই তার জামিন শুনানি রয়েছে, আমরা আশা করি তদন্ত কর্মকর্তা রিমান্ড চাইবেন। জামিন শুনানির দিন রিমান্ড শুনানির পর আদালত পরবর্তী সিদ্ধান্ত দিবেন
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন বলেন, বকশীগঞ্জ থানায় বিস্ফোরক আইনে দায়ের করা মামলার তদন্ত কর্মকর্তা এসআই আমিনুল ইসলাম সাবেক এমপি নূর মোহাম্মদকে শ্যোন অ্যারেস্ট দেখানোর আবেদন করেছিলেন। আদালত তার আবেদন মঞ্জুর করেছেন।