

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাসচাপায় অটোরিকশা আরোহী মা ও ছেলে নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত তিনজন। বৃহস্পতিবার (০৯ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলো, কামারখন্দ উপজেলার নুরনগর গ্রামের বিপ্লব হোসেনের স্ত্রী নিলা বেগম (২৬) ও ছেলের নাম জানা যায়নি।
জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে ঢাকা-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার হাটিকুমরুল এলাকায় বগুড়া থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাস একটি অটোরিকশাকে চাপা দিয়ে দ্রুত চলে যায়।
এতে ঘটনাস্থলেই অটোরিকশা আরোহী মা ও ছেলে নিহত হয়। এছাড়া আরও ৩ জন আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বগুড়া থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাস অটোরিকশাকে চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এতে ঘটনাস্থলেই অটোরিকশার ২ যাত্রী মা ও ছেলে নিহত হন। এছাড়া আরও ৩জন আহত হন।