

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর কাছ থেকে প্রায় ২ কেজি ১৬০ গ্রাম (২.১৬ কেজি) অবৈধ স্বর্ণ জব্দ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শরীরের বিভিন্ন স্থানে ও কাপড়ের ভেতর বিশেষ কৌশলে লুকিয়ে আনা এসব স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি ৫৬ লাখ টাকা।
সোমবার (১৩ জুলাই) সকাল ৯টা ৪০ মিনিটে দুবাই থেকে আসা ‘ফ্লাইদুবাই’-এর এফজেড-৪৬৩ ফ্লাইটে চট্টগ্রামে পৌঁছান মোহাম্মদ শহীদুল আলম চৌধুরী নামের ওই যাত্রী।
কাস্টমস হলের গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরে কর্মরত জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) একটি যৌথ দল তাকে আটক করে। তল্লাশির সময় তার প্যান্টের বেল্টের অংশ থেকে লুকিয়ে রাখা স্বর্ণের অলংকার ও গলিত স্বর্ণ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া স্বর্ণের মোট ওজন ২ দশমিক ১৬ কেজি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আটককৃত মোহাম্মদ শহীদুল আলম চৌধুরীর বাড়ি চট্টগ্রামের মিরসরাই উপজেলায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে উদ্ধার করা স্বর্ণ বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী মামলা দায়েরের কার্যক্রমও প্রক্রিয়াধীন রয়েছে।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, বৈদেশিক মুদ্রা পাচার ও স্বর্ণ চোরাচালান প্রতিরোধে বিমানবন্দরে এনএসআই, ডিজিএফআই, কাস্টমস ইন্টেলিজেন্স, বিমানবন্দর কাস্টমস এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সমন্বিতভাবে সার্বক্ষণিক নজরদারি চালিয়ে যাচ্ছে। চোরাচালান ও পাচারবিরোধী অভিযান আরও কার্যকর করতে গোয়েন্দা তৎপরতা এবং তল্লাশি কার্যক্রম ভবিষ্যতেও কঠোরভাবে অব্যাহত থাকবে।