

চট্টগ্রামের আনোয়ারায় চাইনিজ ইকোনমিক ইন্ডাস্ট্রিয়াল জোনের (সিইআইজেড) উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অর্থমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি থেকে চাকরিচ্যুত হওয়া কর্মকর্তা-কর্মচারীরা।
সোমবার (২৭ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বৈরাগ ইউনিয়নের চায়না রোড এলাকায় বিক্ষোভ করেন তারা।
বিক্ষোভ চলাকালে চাকরিচ্যুতরা অভিযোগ করেন, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর ইসলামী ব্যাংক থেকে জোরপূর্বক সাড়ে পাঁচ হাজার কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছে। কোনো ধরনের নিয়মনীতি বা নোটিশ ছাড়াই তাদের অন্যায়ভাবে বরখাস্ত করা হয়। একই সঙ্গে একটি গোষ্ঠী ব্যাংকটিতে অবৈধভাবে দখল নিয়ে নিজেদের পছন্দের লোকজনকে নিয়োগ ও পদোন্নতি দিয়েছে।
বিক্ষোভকারীরা ব্যাংকটির বর্তমান বোর্ড ভেঙে নতুন বোর্ড গঠন করার এবং সসম্মানে চাকরি ফিরিয়ে দেওয়ার দাবি জানান।
ভুক্তভোগী চাকরিচ্যুত কর্মীরা বলেন, তারা দীর্ঘ সময় ধরে চরম কর্মহীন ও অনিশ্চিত জীবন কাটাচ্ছেন। সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রীরা চট্টগ্রামে একটি বড় অর্থনৈতিক ও কর্মসংস্থানের উদ্যোগ উদ্বোধন করতে এলে নিজেদের ন্যায্য দাবি সরকারের শীর্ষ মহলের দৃষ্টিগোচর করতেই তারা এ কর্মসূচি বেছে নেন। বিক্ষোভকারীদের পক্ষে নেতৃত্ব দেন মো. এমদাদ হোসেন নামের একজন।
পুলিশ জানায়, অর্থমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সফর যেন বিঘ্ন না ঘটে ও জননিরাপত্তা রক্ষা করতে পুলিশ বিক্ষোভকারীদের ঘটনাস্থল থেকে নিরাপদে সরিয়ে দেওয়ার চেষ্টা করে, পরিস্থিতি শান্ত রয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে।