কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ মার্চ ২০২৬, ০৯:২৬ পিএম
আপডেট : ১৭ মার্চ ২০২৬, ১২:২৬ এএম
অনলাইন সংস্করণ

কালবেলার সাংবাদিককে হুমকি, থানায় জিডি

হমকিদাতা মো. রায়হানুল ইসলাম। ছবি : সংগৃহীত
হমকিদাতা মো. রায়হানুল ইসলাম। ছবি : সংগৃহীত

দুর্নীতিবিষয়ক প্রতিবেদনের জেরে কালবেলার জ্যেষ্ঠ প্রতিবেদক শেখ হারুনকে ফোনে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ‘ক্যাপ্টেন’ পরিচয় দেওয়া রায়হান নামের এক ব্যক্তির বিরুদ্ধে। সিগারেট উৎপাদনকারী কোম্পানি ভার্গো টোব্যাকো লিমিটেডের বিরুদ্ধে রাজস্ব ফাঁকির অভিযোগ নিয়ে বক্তব্য নিতে গেলে প্রথমে শেখ হারুনকে ‘প্রতিবেদন প্রকাশ না করার’ অনুরোধ জানানো হয়। পরে হুমকি দেওয়া হয় তাকে।

রাজস্ব ফাঁকি, অনিয়ম এবং জালিয়াতির তথ্য নিয়ে প্রতিবেদন নিয়ে এই ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন হারুন।

জানা গেছে, ক্যাপ্টেন পরিচয়ে হুমকিদাতা অভিযুক্ত ওই ব্যক্তির নাম মো. রায়হানুল ইসলাম। তিনি একসময় সেনাবাহিনীর ক্যাপ্টেন পদে কর্মরত ছিলেন। বছর দু-এক আগে অবসরে যান।

সোমবার (১৬ মার্চ) কালবেলায় ভার্গো টোব্যাকোর অনিয়ম নিয়ে ‘ধুরন্ধর ভার্গো টোব্যাকো’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। ওই প্রতিবেদনে বলা হয়, দীর্ঘদিন ধরে তথ্য গোপন করে অবৈধভাবে সিগারেট উৎপাদন ও বিক্রি করছে ভার্গো টোব্যাকো লিমিটেড। রাজস্ব ফাঁকি দিতে অপ্রদর্শিত তামাক ব্যবহার করে সিগারেট উৎপাদন ও বিক্রি করে প্রতিষ্ঠানটি। গত ৭ মাসে তথ্য গোপন করে জালিয়াতির মাধ্যমে ৩৫৯ কোটি টাকা রাজস্ব ফাঁকি দিয়েছে কোম্পানিটি।

বিশেষ অভিযানে পাওয়া তথ্য ও এনবিআরের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনের (ঢাকা উত্তর) তদন্তে ভার্গো টোব্যাকোর কর ফাঁকির জালিয়াতির প্রমাণ মিলেছে। তথ্য গোপন করে উৎপাদন ও বিক্রি করে রাজস্ব ফাঁকি দেওয়ার অভিযোগে সম্প্রতি কর ফাঁকির মামলা করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ওই মাললার সূত্র ধরে প্রতিবেদন তৈরির কাজ করছিলেন শেখ হারুন।

প্রতিবেদন তৈরির কাজ শুরু করার পর থেকেই কালবেলা প্রতিবেদককে রায়হান নামের ওই ব্যক্তি ভার্গো কোম্পানির মালিক পক্ষের কাছের লোক বলে প্রথমে নিউজ না করার পরামর্শ ও পরে হুমকি দেন। সবশেষ শনিবার (১৪ মার্চ) রাত ৯টার দিকে ওই ব্যক্তি ফোন এবং ভয়েস মেসেজ দিয়ে হুমকি দেন। প্রতিবেদনে অভিযুক্ত কোম্পানির ডিএমডি অমল হালদারের বক্তব্য নেওয়ায় কালবেলা প্রতিবেদকের কাছে কৈফিয়ত চাওয়ার পাশাপাশি হুমকি দেন তিনি।

কালবেলা সূত্রে জানা গেছে, অমল হালদারের বক্তব্য নেওয়ার পরপরই রায়হান নামের ওই ব্যক্তি ফোন দিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। তিনি প্রতিবেদকের কাছে কৈফিয়ত চেয়ে প্রশ্ন করতে থাকেন। প্রতিবেদক তার প্রতিবেদনের জন্য সাংবাদিকতার নীতি অনুসরণ করে ডিএমডিকে ফোন দিয়ে বক্তব্য নিয়েছেন জানালে তিনি উত্তেজিত হয়ে ফের প্রশ্ন করেন, ‘আপনি কেন অমল সাহেবকে ফোন দিয়েছিলেন। আপনি কেন ফোন দিচ্ছেন? আপনি কি কাস্টমস কমিশনার বা আইনশৃঙ্খলা বাহিনীর কেউ? আপনাকে কে অথরাইজ করেছে?’

রায়হান বলেন, ‘আপনি তো ফোন দেওয়ার অথরিটি না। আপনি তো পুলিশ না, আপনি কাস্টমসের… না। আপনি কেন ফোন দেবেন ওনাকে? আপনার কথা বলতে হলে তো গাজীপুরের কমিশনারের, কাস্টমসের অনুমতি নিতে হবে। পারমিশন ছাড়া আপনি কেন ফোন দিয়েছেন? এ জন্য র‌্যাব-পুলিশ দিয়ে আপনাকে ফোন দেওয়াবে।’

ফোনালাপের শেষ দিকে তিনি প্রতিবেদককে ভবিষ্যতে কোম্পানির কর্মকর্তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ না করতে বলেন এবং আবার যোগাযোগ করলে ‘ব্যক্তিগতভাবে ব্যবস্থা নেওয়া হবে’ বলেও হুমকি দেন।

এতেই তিনি ক্ষান্ত হননি। কিছুক্ষণ পর হারুনের হোয়াটসঅ্যাপে দুটি ভয়েস মেসেজে পাঠান রায়হান। ভয়েস মেসেজের শুরুতে তিনি বলেন, ‘অপ্রয়োজনীয়ভাবে আর বিরক্ত করবেন না। কেউ যদি আপনাকে উসকানি দিয়ে এসব করাতে চায়, তাকে পরিষ্কার বলে দেবেন, এখানে অনেক উচ্চপর্যায়ের লোকজন আছে। …আমার পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড যদি না জানেন, আপনি এসে খোঁজ নিয়ে জেনে যাবেন। না হলে আমি রাজনৈতিক ও আইনগতভাবে বিষয়টি ডিল করব।’

হারুনকে উদ্দেশ্য করে হুমকি দিয়ে ওই ব্যক্তি বলেন, ‘আমি চাই না যে, আমাকে ব্যক্তিগতভাবে কোনো পদক্ষেপ নিতে হয়। যদি আমাকে বিষয়টা পারসোনালি ডিল করতে হয়, সেটা আপনার জন্য ভালো হবে না, আপনার অবস্থা খুবই খারাপ হবে। নেক্সট টাইম আমি আপনার সঙ্গে ফোনে কোনো কথা বলব না। আপনি এবং আপনার ফ্যামিলি সুন্দর এবং শান্তিমতো থাকেন, আমাকে উত্তেজিত করবেন না।’

হুমকির ঘটনায় নিজের নিরাপত্তা বিবেচনা ঢাকা নিউমার্কেট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন হারুন।

ঘটনার বিষয়ে শেখ হারুন বলেন, ‘ভার্গো কোম্পানির বিরুদ্ধে রাজস্ব ফাঁকির বিষয়টি জানার পর বিভিন্ন মাধ্যমে তথ্য সংগ্রহ করতে থাকি। একপর্যায়ে জানতে পারি, তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। এ বিষয়ে ভার্গো কর্তৃপক্ষের বক্তব্য নেওয়ার জন্য কোম্পানিটির বিষয়ে খোঁজখবর নিই। কিন্তু দীর্ঘদিন চেষ্টা করেও তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। এমনকি তাদের ওয়েবসাইটে দেওয়া ই-মেইলে মেইল করেও কোনো সাড়া মেলেনি। পরবর্তীতে বিভিন্নভাবে তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। এরমধ্যে রায়হান নামের ওই ব্যক্তি আমাকে প্রথমে নিউজ না করার পরামর্শ ও পরে আমাকে ভয়ভীতি দেখানোর পাশাপাশি হুমকি দেন।’

তিনি আরও বলেন, ‘একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে শত শত কোটি টাকার রাজস্ব ফাঁকির অভিযোগ উঠেছে এবং সে বিষয়ে মামলা হয়েছে। এটি নিঃসন্দেহে জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়। তাই পেশাগত দায়বদ্ধতা থেকে সাংবাদিকতার নীতি অনুসরণ করে অন্যান্য নিউজের মতোই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বক্তব্য নেওয়ার চেষ্টা করেছিলাম। কিন্তু অভিযুক্তের বক্তব্য নিতে গিয়ে এমন হুমকির সম্মুখীন হতে হবে, এটা কখনো ভাবিনি। এ কারণে নিউমার্কেট থানায় একটি সাধারণ ডায়েরি করেছি।’

নিউমার্কেট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহম্মদ আইয়ুব বলেন, ‘কালবেলার সাংবাদিককে হুমকি দেওয়ার বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। ইতোমধ্যে সাধারণ ডায়েরি হিসেবে তা গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

জানা গেছে, ক্যাপ্টেন পরিচয়ে হুমকিদাতা অভিযুক্ত অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন রায়হানুল ইসলামের স্থায়ী ঠিকানা, ঠাকুরগাঁও জেলার বালিয়া উপজেলার কালমেঘে। বর্তমান ঠিকানা, কে.ডি ঘোষ রোড, রংপুর সদর, রংপুর। জাতীয় পরিচয়পত্র অনুযায়ী, তার বয়স ২৮ বছর ৮ মাস।

২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী সময়ে ভার্গো টোব্যাকোর মালিক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ শাফায়েতুল ইসলামের সঙ্গে তার ঘনিষ্ঠতা তৈরি হয় এবং বর্তমানে তিনি শাফায়েতুল ইসলামের বিভিন্ন বিষয় দেখভাল করেন।

কালবেলা/নূর/আরএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা

বস্ত্র খাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর কমিটি গঠন

জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের ফেসবুক পোস্ট

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা 

সকালের নাশতা ছাড়া ব্যায়াম করা কি নিরাপদ? জানুন

২০২৭ সালের মধ্যে ‘সড়ক নিরাপত্তা আইন’ প্রণয়ন করবে সরকার

সুদানের চার অঙ্গরাজ্যে কলেরার সংক্রমণ, বাড়ছে উদ্বেগ

শিশু ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত হাটহাজারী থেকে গ্রেপ্তার

ছাত্রশিবিরের উদ্যোগে দিনব্যাপী শাখা দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত

সেতুর পাশে পড়ে ছিল অজ্ঞাত নারীর মরদেহ 

১০

শোকেরও ছুটি নেই

১১

স্বামী ছিলেন জেলে, সংঘবদ্ধ ধর্ষণে স্ত্রী অন্তঃসত্ত্বা

১২

ব্যাডমিন্টনের মাধ্যমে প্রবাসে বন্ধন ও সম্প্রীতির বার্তা

১৩

‘ইকোফিল’ উদ্যোগ চালু করল এনার্জিপ্যাক

১৪

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

১৫

প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে দাবি / এমপি নজরুলের নির্দেশে হামলা হয়েছিল ড্রাইভারের ওপর

১৬

বিশ্ববাজারে দুই সপ্তাহের সর্বোচ্চে স্বর্ণের দাম

১৭

এলডিসি উত্তরণে প্রস্তুতিকাল বাড়ানোর সুপারিশ ইকোসকের

১৮

থালাপতি বিজয়ের ‘জন নায়াগান’ / ৪৮ ঘণ্টায় বিক্রি ১৫ কোটি টাকার টিকিট

১৯

জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার

২০
X