

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য সারা দেশে কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপার পাঠানোর কাজ শুরু হয়েছে।
নির্বাচন কমিশনের পূর্বপরিকল্পনা অনুযায়ী, ঢাকাসহ বড় শহরগুলোয় আজ সন্ধ্যার মধ্যেই ব্যালট বক্সসহ ভোটের প্রয়োজনীয় সব সরঞ্জাম পৌঁছে যাবে। আর ঢাকার বাইরের ভোটকেন্দ্রগুলোতে পৌঁছাবে রাতের মধ্যেই।
বুধবার (১১ ফেব্রুয়ারি) ইসির সূত্রে এসব তথ্য জানা গেছে।
নির্বাচন কমিশন জানিয়েছে, সংসদ নির্বাচন ও গণভোটের দিন সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় ৯ লাখ ৫৮ হাজার সদস্য মোতায়েন করা হয়েছে।
১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকাল ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। এবারের নির্বাচনে ভোটাররা দুটি ব্যালট পেপারে ভোট দেবেন। একটি সাদা ব্যালট, এটি হবে সংসদ সদস্য নির্বাচনের ব্যালট। আরেকটি গোলাপী ব্যালট। সেটি হবে গণভোটের।
এদিকে, এবারের নির্বাচনে প্রাথমিকভাবে সারা দেশে আট হাজার ৭৭০টি ভোটকেন্দ্র অত্যন্ত ঝুঁকিপূর্ণ চিহ্নিত করা হয়েছে এবং মধ্যম ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র হলো ১৬ হাজার।