

বর্তমান ব্যস্ত জীবনযাত্রা এবং আধুনিক ডেটিং সংস্কৃতির প্রভাবে আমাদের সম্পর্কের সংজ্ঞাও বদলে যাচ্ছে। অনেক সময় আমরা এমন কিছু কাজকে ‘স্বাভাবিক’ মনে করি, যা আসলে তিলে তিলে ভালোবাসার সম্পর্ককে বিষিয়ে তোলে। ভারতীয় সম্পর্ক বিশেষজ্ঞ ড. বর্তিকা বিশ্বানি এবং ড. সানি গার্গের মতে, অনেক সময় ভালোবাসা ফুরিয়ে যাওয়ার কারণে সম্পর্ক ভাঙে না; বরং মানসিক ক্লান্তি, অতিরিক্ত উত্তেজনা এবং একে অপরের প্রতি মনোযোগের অভাবে ধৈর্য ও কোমলতা হারিয়ে যায়।
আপনার ভালোবাসার বন্ধন অটুট রাখতে হলে যে ৫টি ভুল এড়িয়ে চলা জরুরি, তা নিচে আলোচনা করা হলো:
১. কথা বলা বা মেসেজ দিতে অনীহা
আজকের ডিজিটাল যুগে দ্রুত যোগাযোগ সম্ভব হলেও অনেকে ঝগড়ার পর বা মান-অভিমানের কারণে আগে যোগাযোগ করতে চান না। এই ইগো বা অহমিকা সম্পর্কের জন্য এক বড় হুমকি। বিশেষজ্ঞরা বলছেন, সম্পর্ক মানে ‘আমি বনাম তুমি’ নয়; বরং হওয়া উচিত ‘আমরা দুজনে মিলে সমস্যার বিরুদ্ধে’। তাই প্রথম পদক্ষেপ নিতে দ্বিধা করবেন না।
২. তর্কের সময় চিৎকার করা
ঝগড়া হওয়া সম্পর্কের একটি অংশ, কিন্তু তর্কের সময় সঙ্গীর ওপর চিৎকার করা বা কটু কথা বলা কেবল তিক্ততাই বাড়ায়। বিশেষজ্ঞরা পরামর্শ দেন যে, সব ঝগড়া তৎক্ষণাৎ সমাধান করার প্রয়োজন নেই। আগে নিজেকে শান্ত করুন, তারপর নম্রভাবে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করুন।
৩. মেসেজে রাগ প্রকাশ করা
রাগ বা অভিমান প্রকাশ করতে দীর্ঘ টেক্সট পাঠানো পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। কারণ টেক্সট মেসেজে গলার স্বর বা সঠিক অভিব্যক্তি প্রকাশ পায় না, ফলে ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা থাকে। যেকোনো গুরুতর সমস্যা বা মতপার্থক্য সরাসরি দেখা করে বা অন্তত ফোনে কথা বলে সমাধান করাই শ্রেয়।
৪. পুরনো কাসুন্দি ঘাঁটা
বর্তমান কোনো সমস্যা নিয়ে কথা বলার সময় সঙ্গীর অতীত ভুলগুলো টেনে আনা একটি মারাত্মক ভুল। এতে তর্কের পরিধি আরও বাড়ে এবং মূল সমস্যাটি আড়ালে চলে যায়। সুস্থ সম্পর্কের জন্য বর্তমান সমস্যা সমাধানেই মনোযোগ দেওয়া জরুরি।
৫. মনে মনে ধরে নেওয়া বা অনুমান করা
সঙ্গী আপনার মনের সব কথা না বলতেই বুঝে নেবে—এমন ধারণা করা ঠিক নয়। আপনার কী প্রয়োজন বা আপনি কী অনুভব করছেন, তা স্পষ্টভাবে সঙ্গীকে জানান। একে অপরের সাথে স্বচ্ছতা বজায় না রাখলে এবং নিস্তব্ধতার (silent treatment) মাধ্যমে শাস্তি দেওয়ার চেষ্টা করলে সম্পর্কের নিরাপত্তা বিঘ্নিত হয়।
শেষকথা
একটি সুস্থ সম্পর্ক কেবল রসায়নের ওপর গড়ে ওঠে না; এর জন্য প্রয়োজন মানসিক নিরাপত্তা, শান্ত যোগাযোগ এবং যেকোনো সংঘাতের পর পুনরায় মিলে যাওয়ার সদিচ্ছা। ইন্টারনেটে নিখুঁত ভালোবাসার অভিনয় না করে, একে অপরের জন্য সত্যিকারের মানসিক আশ্রয়স্থল হয়ে ওঠাই হলো দীর্ঘস্থায়ী সম্পর্কের চাবিকাঠি।
তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস