

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭ তম জন্ম জয়ন্তী উপলক্ষ্যে দ্বিতীয় বারের মতো বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূলহল এবং স্টুডিও থিয়েটার হলে গত ২৫ জুলাই শনিবার থেকে শুরু হয়েছে চার দিনব্যাপী 'বাঁশরী নজরুল নাট্যোৎসব ২০২৬'। চলবে ২৮ জুলাই মঙ্গলবার পর্যন্ত । ‘জয় হোক জয় হোক শান্তির জয় হোক,সাম্যের জয় হোক,সত্যের জয় হোক জয় হোক' উৎসব ম্লোগানকে হৃদয়ে ধারণ করে ৪ দিনব্যাপী এই নাট্যোৎসবে পরিবেশিত হচ্ছে কবি নজরুল ইসলামের রচনা থেকে দশটি দলের দশটি নতুন নাটক ।
৪ দিনব্যাপী নাট্যেৎসবের দ্বিতীয় দিন আজ রোববার দেখা যাবে তিনটি নাটক। জাতীয় নাট্যশালার মূল মঞ্চে রয়েছে বাঁশরী রেপার্টরি থিয়েটারের ‘আলেয়া’। কাজী নজরুল ইসলামের অনবদ্য এই সৃষ্টিটির নাট্য ভাবনা ও পরিকল্পনা করেছেন প্রকৌশলী খালেকুজ্জামান এবং নির্দেশনা দিয়েছেন গোলাম সারোয়ার।
নাটকটির গল্প আবর্তিত হয়েছে রূপসুন্দর যৌবনের প্রতীক মীনকেত এবং আপন তেজশক্তিতে উজ্জ্বল নারী জয়ন্তীকে কেন্দ্র করে। রহস্যময় এই দুই নর-নারীর জীবনের জটিল ঘটনাপ্রবাহ ও মরীচিকার পেছনে ছোটা অন্যান্য প্রতীকী চরিত্র নিয়ে এগিয়ে যায় এর কাহিনি। নাটকে জয়ন্তীকে পেতে মরিয়া হয়ে ওঠে নারীর আদিম প্রবৃত্তির প্রতীক উগ্রাদিত্য এবং নিখিল পুরুষের প্রতীক মীনকেত। একপর্যায়ে মীনকেতের পৌরুষের আঘাতে পতন ঘটে উগ্রাদিত্যের।
নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রমিজ রাজু, সংগীতা, দীপু মাহমুদ, এ কে আজাদ সেতু, শারমীন সঞ্জিদা খানম, নাজনীন মোনালিসা, রাজিব রেজা, প্রজ্ঞা, সানজানা, নাজমুল হুদা বাবু ও ফখরুজ্জামান চৌধুরীসহ আরও অনেকে। এর মঞ্চ পরিকল্পনায় জুনায়েদ ইউসুফ ও পোশাক পরিকল্পনায় ছিলেন আইরিন পারভীন লোপা।
স্টুডিও থিয়েটার হলে দেখা যাবে বরিশাল শিশু থিয়েটারের ‘পুতুলের বিয়ে’, এটি নির্দেশনা দিয়েছেন সোনিয়া খান এবং রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের নাটক ‘বউয়ের বিয়ে’, এটি নির্দেশনা দিয়েছেন ধীমাঞ্চন্দ্র বর্মন।
এছাড়াএ উৎসবে প্রতিদিন বিকাল ৪ থেকে সন্ধ্যা ৬:৩০ পর্যন্ত মূলহল প্রান্গন মঞ্চে রয়েছে নজরুল সংগীত, কবিতা আবৃত্তি এবং নৃত্য পরিবেশনা।