

জনপ্রিয় নাট্যঅভিনেত্রী অহনা রহমান তার সাবেক সহকারীকে ঘিরে বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। অভিনেত্রীর অভিযোগ, তার নাম ও পরিচয় ব্যবহার করে বিভিন্ন মানুষের কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টা করছেন ওই তরুণী। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সোমবার (২৭ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন অহনা। একই সঙ্গে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে অভিযুক্ত সাবেক সহকারী আফিফাকে শেষবারের মতো কড়া হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।
ফেসবুক পোস্টে অহনা রহমান জানান, রোববার গভীর রাতে একটি অস্বস্তিকর ঘটনার মুখোমুখি হন তিনি ও তার পরিবার। তার ভাষ্য অনুযায়ী, রাতের বেলায় আফিফা তার বাসার নিচে এসে নিজেকে সাংবাদিক পরিচয় দেন। বিষয়টি জানাতে নিরাপত্তাকর্মীরা ফ্ল্যাটে ফোন করলেও সবাই গভীর ঘুমে থাকায় কেউ ফোন ধরেননি। পরে কোনো অনুমতি ছাড়াই ভোর ৬টা পর্যন্ত নিরাপত্তাকর্মীদের কক্ষেই অবস্থান করেন তিনি। রাতেই চলে যেতে বলা হলে আফিফা নাকি বলেন, ‘এত রাতে একটা মেয়ে মানুষ আমি কই যাব?’
অভিনেত্রী আরও জানান, সকালে পরিবারের সদস্যরা হাঁটতে বের হলে নিরাপত্তাকর্মীসহ আশপাশের লোকজন এসে জানান, তাদের একজন ‘মেহমান’ রাত থেকে নিচে বসে আছেন। বিষয়টি শুনে তারা বিস্মিত হন। পরে জানা যায়, ওই তরুণীর নাম আফিফা। অহনার দাবি, তিনি বিভিন্ন মানুষের কাছে নিজেকে অভিনেত্রীর বোন পরিচয় দিয়ে অর্থ চেয়ে বেড়াচ্ছেন।
স্ট্যাটাসে সাবেক সহকারীকে উদ্দেশ করে অহনা রহমান লেখেন, ‘আফিফা খুব অল্প সময়ের জন্য আমার অ্যাসিস্ট্যান্ট ছিল। এই স্ট্যাটাসটি তার জন্য একটি সতর্কবার্তা। তোকে আমি বহুবার সতর্ক করেছি, তবে এটিই শেষবার। এরপরও যদি আমাকে বিরক্ত করিস, তাহলে তোকে এবং তোর চক্রকে আইনের মুখোমুখি হতে হবে।’
একই সঙ্গে এমন পরিচয় ভাঙিয়ে প্রতারণা ও হয়রানির বিষয়ে সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানান এই অভিনেত্রী। তার অনুরোধ, কেউ যেন তার নাম ব্যবহার করে কোনো আর্থিক লেনদেন বা সাহায্যের অনুরোধ করলে তা যাচাই-বাছাই ছাড়া বিশ্বাস না করেন।