

প্রায় দুই দশক পর আবারও মিশরে কনসার্ট করতে যাচ্ছেন কলম্বিয়ার বিশ্বখ্যাত পপ তারকা শাকিরা। আগামী ২৮ নভেম্বর তিনি গিজার পিরামিডে পারফর্ম করবেন। খবর আরব নিউজের।
খবরে বলা হয়, ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী এই স্থানে আয়োজিত কনসার্টটির আয়োজন করছে ভেঞ্চার লাইফস্টাইল। ২০০৭ সালে একই স্থানে পারফর্ম করার পর এবারই প্রথম তিনি মিশরে ফিরছেন।
এই কনসার্টটি ভেঞ্চার লাইফস্টাইলের আন্তর্জাতিক আয়োজনগুলোর ধারাবাহিকতার অংশ। প্রতিষ্ঠানটি এর আগে মধ্যপ্রাচ্যে জেনিফার লোপেজ, জন লেজেন্ড, কেটি পেরি এবং ডেমি লোভাটোর মতো জনপ্রিয় শিল্পীদের কনসার্ট আয়োজন করেছে।
শাকিরার নতুন স্প্যানিস অ্যালবাম ‘লাস মুজেরেস ইয়া নো লোরান’ যার অর্থ ‘নারীরা আর কাঁদে না’ প্রকাশের পর বিশ্বজুড়ে চলমান পারফরম্যান্সের অংশ হিসেবেই এই কনসার্ট অনুষ্ঠিত হবে।
তিন দশকেরও বেশি সময়ের সংগীতজীবনে তিনি ৯ কোটি ৫০ লাখের বেশি রেকর্ড বিক্রি করেছেন এবং একাধিক গ্র্যামি ও লাতিন গ্র্যামি পুরস্কার জিতেছেন। তিনি লাতিন সংগীতের অন্যতম সফল বৈশ্বিক শিল্পী হিসেবে পরিচিত।
সম্প্রতি শাকিরা ‘দাই দাই’ গানটি প্রকাশ করেছেন, যা ফিফা বিশ্বকাপের অফিসিয়াল ট্র্যাক তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে।
এক বিবৃতিতে শাকিরা বলেন, মিশরের গিজার পিরামিডের সামনে পারফর্ম করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আমি আপনাদের সবাইকে ভালোবাসি।