

দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে সরকার। সম্প্রতি জনপ্রশাসন বিষয়ক কমিটির দ্বিতীয় সভার সিদ্ধান্ত অনুযায়ী এ নির্দেশনা দেওয়া হয়েছে।
জানা গেছে, জনপ্রশাসন মন্ত্রণালয় সাম্প্রতিক বিষয়ে সব সচিব এবং সরকারি দপ্তরের মহাপরিচালক, নির্বাহী পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক ও চেয়ারম্যান এবং বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের চিঠি পাঠানো হয়েছে। গত ৮ জানুয়ারি জনপ্রশাসন বিষয়ক কমিটি গঠন করার পর ২০ ফেব্রুয়ারি এ কমিটির দ্বিতীয় সভায় এ সিদ্ধান্ত নেয়। সিদ্ধান্ত অনুযায়ী এ নির্দেশ দেওয়া হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওই চিঠিতে বলা হয়েছে, মন্ত্রণালয়, বিভাগ এবং আওতাধীন দপ্তরে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে যাদের বিষয়ে জনমনে দুর্নীতিবাজ মর্মে ব্যাপক ধারণা রয়েছে, গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করা হলো।
উল্লেখ্য, গত ৮ জানুয়ারি বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, যুগ্ম সচিব উপরের স্তরের কর্মকর্তাদের নিয়োগ, বদলি এবং শৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে পরামর্শ দিতে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদকে সভাপতি করে জনপ্রশাসন বিষয়ক কমিটি গঠন করেছে সরকার।