

ঢাকাসহ দেশের ১৭ জেলার ওপর দিয়ে দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। একই সঙ্গে বজ্রসহ বৃষ্টিও হতে পারে।
মঙ্গলবার (৭ জুলাই) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানা গেছে।
আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত করা সতর্কবার্তায় বলা হয়েছে- রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেটের ওপর ঝড়ো বাতাস বয়ে যেতে পারে। এ সময় দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে এই ঝড়ের আশঙ্কা রয়েছে। পাশাপাশি বৃষ্টিসহ বজ্রপাতও হতে পারে। এমন পরিস্থিতিতে দেশের ১৭ জেলার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
এদিকে, সন্ধ্যা ৬টা পর্যন্ত সারা দেশের জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে- এ সময়ে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে। বজ্রপাতেরও আশঙ্কা রয়েছে।