

দক্ষিণাঞ্চলে বৃষ্টির তীব্রতা কমতে শুরু করেছে। বর্তমানে পাহাড় ধস বা নতুন করে জলোচ্ছ্বাসের কোনো পূর্বাভাস নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, আগামী এক থেকে দুই দিনের মধ্যে সার্বিক পরিস্থিতির আরও উন্নতি হতে পারে।
শনিবার (১১ জুলাই) সকালে এসব তথ্য জানান আবহাওয়াবিদ বজলুর রশিদ।
তিনি বলেন, দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাত অনেকটাই কমে এসেছে। তবে আগামী তিন থেকে চার দিন রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বৃষ্টির প্রবণতা কিছুটা বাড়তে পারে। ঢাকায় স্বাভাবিক বর্ষাকালীন হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও অতিভারী বর্ষণের সম্ভাবনা নেই বলেও জানান তিনি।
আবহাওয়াবিদ বজলুর রশিদ জানান, ভারতের উজান অঞ্চলে অতিভারী বৃষ্টিপাত না থাকায় দেশের নদ-নদীর পানি বিপজ্জনকভাবে বৃদ্ধি পাওয়ার শঙ্কা কম।
তিনি বলেন, সমুদ্রবন্দরে জারি থাকা ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত আজ সন্ধ্যা পর্যন্ত বহাল থাকতে পারে। এরপর পরিস্থিতির উন্নতি হলে সংকেত তুলে নেওয়া হতে পারে। এ সময় পর্যন্ত ছোট মাছ ধরার নৌকা ও ট্রলারকে সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দেন তিনি।
তিনি আরও বলেন, গত কয়েক দিনের তুলনায় দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাত উল্লেখযোগ্যভাবে কমেছে। বান্দরবানের লামায় ১০৬ মিলিমিটার এবং চট্টগ্রামে ১০০ মিলিমিটারের কম বৃষ্টিপাত রেকর্ড হয়েছে, যা আগের দিনের তুলনায় কম। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে এ অঞ্চলে বৃষ্টিপাত আরও কমবে বলেও জানান তিনি।