

শিক্ষার্থীদের মাঝে সচেতনতা সৃষ্টির জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভোক্তা অধিকার ও নিরাপদ খাদ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে শনিবার (১৮ জুলাই) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত এ কর্মশালায় রাজধানীর বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
বেসরকারি ভোক্তা অধিকার সংস্থা ও কনশাস কনজ্যুমার্স সোসাইটি (সিসিএস) ও এর যুব শাখা কনজুমার ইয়ুথ বাংলাদেশের (সিওয়াইবি) যৌথ আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মাহবুব কবির মিলন।
বিএসটিআইয়ের কার্যক্রমের ওপর শিক্ষার্থীদের সম্যক ধারণা দিতে সেশন পরিচালনা করেন প্রকৌশলী মো. জাহিদুর রহমান ও ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন-২০০৯-এর সেশন পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুল জাব্বার মন্ডল।
সিওয়াইবির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. সুলতান মাহমুদের সঞ্চালনায় কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিসিএসের নির্বাহী পরিচালক পলাশ মাহমুদ, সিওয়াইবির সাবেক সাধারণ সম্পাদক ইমরান শুভ্র, কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি মো. রুস্তম আলী রাজু।
কর্মশালায় সভাপতিত্ব করেন সিওয়াইবির কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ দেলোয়ার হোসাইন।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মাহবুব কবির মিলন বলেন, ‘নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করতে হেভিমেটাল এবং রেডিও অ্যাক্টিভ এলিমেন্টস যুক্ত বালাইনাশক আমদানি বন্ধের সব ব্যবস্থা গ্রহণ করতে হবে। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বিএসটিআই এবং ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।’
সিসিএসের নির্বাহী পরিচালক পলাশ মাহমুদ বলেন, ‘আমরা যেখানেই যাই, সেখানেই হয়রানি ও প্রতারণার শিকার হই। মানুষ একটা দুষ্টু চক্রে আটকে আছে। এজন্য তরুণদের এগিয়ে আসতে হবে। প্রথমে নিজে ও পরিবারকে ভোক্তা অধিকার বিষয়ে সচেতন করতে হবে। পাশাপাশি ভোক্তা অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হতে ভোক্তা সংগঠনের সঙ্গে যুক্ত হতে হবে।’