

নারীকাণ্ডের তদন্তে নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হওয়ায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ বিষয়ে এখন পর্যন্ত নির্বাচন কমিশন (ইসি) কোনো চিঠি পায়নি। ইসিতে তার বিষয়ে ওই বহিষ্কারের চিঠি এলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।
বুধবার (২২ জুলাই) বিকেলে গণমাধ্যমকে তিনি এ তথ্য জানিয়েছেন।
এর আগে বুধবার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে নজরুল ইসলামকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় জামায়াতে ইসলামী। একই সঙ্গে বিষয়টি অবিলম্বে বাংলাদেশ নির্বাচন কমিশনকে জানানো হবে বলেও সিদ্ধান্ত জানায়।
রাজধানীর মিন্টো রোডস্থ বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন সংগঠনের আমির ডা. শফিকুর রহমান। বৈঠকে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।