

নিত্যপণ্যের বাজারে গেলে অনেক দোকানে দেখা যায় বড় বড় ড্রামে ভরা খোলা ভোজ্যতেল। ক্রেতা ভোক্তারা ছোট বোতল বা পাত্র নিয়ে আসেন, দোকানি ড্রাম থেকে মেপে তেল ঢেলে দেন। অনেকের কাছে এটি স্বাভাবিক দৃশ্য। একজন নিম্ন আয়ের মানুষ যখন খোলা তেল কিনছেন, তখন তার প্রধান চিন্তা থাকে, ‘কম দাম’।
কিন্তু বাস্তবতা হলো, তিনি যে দাম দিয়েই তেল কেনেন না কেন, সেটি আদৌ নিরাপদ কি না, তাতে প্রয়োজনীয় পুষ্টি বা ভিটামিন আছে কি না, কিংবা সেটি যে ড্রামে সংরক্ষণ করা হয়েছে তা কতটুকু স্বাস্থ্যসম্মত, এসব জানার কোনো সুযোগই তার নেই।
বাংলাদেশে ভোজ্যতেল প্রতিদিনের পুষ্টি চাহিদার এক অপরিহার্য উৎস। অথচ যে তেল মানুষের শরীরে শক্তি ও পুষ্টি জোগানোর কথা, সেটিই এখন বিপন্ন স্বাস্থ্যের বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। দেশের ভোজ্যতেলের বাজারের সিংহভাগ নিয়ন্ত্রণ করছে খোলা ড্রামের তেল। এসব তেল পরিবহন ও সংরক্ষণে ব্যবহৃত হয় পুরোনো নন-ফুডগ্রেড প্লাস্টিক ড্রাম, যেগুলোর অনেকগুলো আগে রাসায়নিক, লুব্রিকেন্ট বা শিল্পকারখানার অন্যান্য পদার্থ বা কাঁচামাল বহনে ব্যবহৃত হয়েছে। পরবর্তীতে সামান্য ধুয়ে-মুছে সেই একই ড্রামেই মানুষের খাদ্য হিসেবে ব্যবহৃত তেল বাজারজাত করা হচ্ছে। এই প্লাস্টিক ড্রাম পুনঃ পুনঃ ব্যবহারের ফলে ভোজ্যতেল বিষাক্ত হয়ে যেতে পারে। প্রশ্ন হলো এটি কি শুধু অব্যবস্থাপনা, নাকি সরাসরি ভোক্তার জীবনের সঙ্গে প্রতারণা?
এখানেই ভোক্তার অধিকার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। নিরাপদ খাদ্য একজন নাগরিকের মৌলিক অধিকার। অথচ ভোক্তারা প্রতিদিন এমন একটি বাজারব্যবস্থার মুখোমুখি হচ্ছেন, যেখানে পণ্যের মান, উৎস, সংরক্ষণ পদ্ধতি কিংবা পুষ্টিগুণ, কোনোটিই নিশ্চিত নয়। খোলা তেলের সবচেয়ে বড় সমস্যা হলো, এতে ভেজাল মেশানোর সুযোগ থাকে এবং সেই ভেজাল শনাক্ত করাও কঠিন। ভোজ্যতেলের এসব ড্রামে কোনো প্রকার লেবেল এবং উৎস শনাক্তকরণ তথ্য না থাকায় তেল সরবরাহের উৎস চিহ্নিত করা সম্ভব হয় না। ফলে সাধারণ মানুষ অজান্তেই স্বাস্থ্যঝুঁকি পূর্ণ তেল কিনছেন ও ব্যবহার করছেন।
আরও উদ্বেগজনক বিষয় হলো, আইনি বাধ্যবাধকতা থাকা সত্ত্বেও অধিকাংশ খোলা তেলে মিলছে না প্রয়োজনীয় ভিটামিন ‘এ’। গবেষণায় দেখা গেছে, বাজারে বিক্রি হওয়া খোলা ভোজ্যতেলের ৫৯ শতাংশ নমুনায় ভিটামিন ‘এ’ অনুপস্থিত। এক-তৃতীয়াংশ নমুনায় প্রয়োজনের তুলনায় কম ভিটামিন পাওয়া গেছে। মাত্র ৭ শতাংশ নমুনা সরকার নির্ধারিত মানদণ্ড পূরণে সক্ষম হয়েছে। অর্থাৎ ভোক্তা টাকা দিয়ে এমন একটি পণ্য কিনছেন, যা আইন অনুযায়ী মানসম্মত হওয়ার কথা থাকলেও বাস্তবে তা হচ্ছে না। যেই তেল মানুষের পুষ্টির ঘাটতি কমানোর কথা, সেটিই উল্টো অপুষ্টির ঝুঁকি বাড়াচ্ছে।
জাতীয় মাইক্রোনিউট্রিয়েন্ট জরিপ ২০১৯-২০ অনুযায়ী, ছয় থেকে ৫৯ মাস বয়সি শিশুদের ৫০ দশমিক ৯ শতাংশ এবং ১৫ থেকে ৪৯ বছর বয়সি নারীদের (গর্ভবতী বা দুগ্ধদানকারী নয়) মধ্যে ৭ দশমিক ৫ শতাংশ ভিটামিন ‘এ’ ঘাটতিতে ভুগছে। এমন বাস্তবতায় খোলা তেলের নামে পুষ্টিহীন পণ্য বাজারে চলতে দেওয়া মানে জনস্বাস্থ্যকে এক গভীর সংকটের দিকে ঠেলে দেওয়া।
সবচেয়ে দুঃখজনক বিষয় হলো, আইন থাকলেও মাঠপর্যায়ে তার কার্যকর প্রয়োগ নেই। “ভোজ্যতেলে ভিটামিন ‘এ’ সমৃদ্ধকরণ আইন, ২০১৩” অনুযায়ী ফুডগ্রেডবিহীন প্যাকেজিংয়ে তেল বাজারজাত করা দণ্ডনীয় অপরাধ। সরকার বিভিন্ন সময়ে খোলা তেল বিক্রি বন্ধের কড়া নির্দেশনা জারি করলেও মাঠপর্যায়ে এই সিদ্ধান্তের কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না। ফলে সাধারণ ভোক্তারাই ভিটামিনসমৃদ্ধ ভোজ্যতেল প্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছেন।
এখানে একটি গুরুত্বপূর্ণ সামাজিক বৈষম্যও স্পষ্ট। দরিদ্র মানুষ খোলা ভোজ্যতেলের ওপর বেশি নির্ভরশীল। অর্থাৎ অনিরাপদ তেলের সবচেয়ে বড় ভুক্তভোগী সমাজের অর্থনৈতিকভাবে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী। একটি দরিদ্র পরিবার দাম দিয়ে তেল কিনলেও শেষ পর্যন্ত দীর্ঘমেয়াদে স্বাস্থ্যহানি, কর্মক্ষমতা কমে যাওয়া এবং আকাশচুম্বী চিকিৎসা ব্যয়ের মাধ্যমে অনেক বেশি মূল্য পরিশোধ করছেন।
এই চক্রাকার সংকট থেকে উত্তরণের জন্য প্রয়োজন দীর্ঘমেয়াদি ও কঠোর নীতিমালার বাস্তবায়ন। প্রথমত, অস্বাস্থ্যকর ও নন-ফুডগ্রেড ড্রামে ভোজ্যতেল পরিবহন ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ করতে হবে। দ্বিতীয়ত, বাজারে প্রাপ্ত সব তেল ফুডগ্রেড বোতল, পাউচ বা নিরাপদ প্যাকেজিংয়ে বাজারজাত বাধ্যতামূলক করতে হবে। তৃতীয়ত, ভোজ্যতেলে ভিটামিন ‘এ’ সমৃদ্ধকরণ সঠিকভাবে সম্পন্ন হচ্ছে কিনা তা নিশ্চিত করতে সরকারের সংশ্লিষ্ট বিভাগ কর্তৃক নিয়মিত পর্যবেক্ষণ, মূল্যায়ন, বাজার তদারকি, ল্যাব টেস্ট এবং উৎস শনাক্তকরণ অত্যন্ত জরুরি। ভোক্তাদের মাঝে অনিরাপদ খোলা তেল ব্যবহারের ক্ষতিকর প্রভাব তুলে ধরতে বিভিন্ন স্তরে সচেতনতা তৈরি করা জরুরি। আর এই লক্ষ্যে সরকার, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, নীতিনির্ধারক, উন্নয়ন সহযোগী ও সুশীল সমাজ, এবং গণমাধ্যমের সম্মিলিতভাবে জোরালো ভূমিকা পালন করতে হবে। ভোক্তার অধিকার নিয়ে সবাইকে সোচ্চার হতে হবে, কারণ ভোক্তার স্বাস্থ্য নিয়ে কোনো আপস হতে পারে না।
একটি রাষ্ট্র তখনই সত্যিকারের জনবান্ধব হয়ে ওঠে, যখন সে তার নাগরিকের খাদ্য নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়। তাই এখনই সময় অস্বাস্থ্যকর ড্রামে খোলা ভোজ্যতেল বিক্রি স্থায়ীভাবে বন্ধ করে নিরাপদ ও পুষ্টিসমৃদ্ধ ভোজ্যতেল নিশ্চিত করার। ভোক্তার জীবন ও স্বাস্থ্যের চেয়ে ব্যবসায়িক সুবিধা কখনো বড় হতে পারে না।
লেখক : এসএম নাজের হোসাইন ভাইস প্রেসিডেন্ট, কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ই-মেইল : [email protected]