

জাতীয় সংসদে নারীদের বোরকা ও হিজাব নিয়ে কটূক্তিমূলক বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের মহাসচিব মাওলানা মুহিউদ্দীন রাব্বানী।
রোববার (১৪ জুন) এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
মাওলানা মুহিউদ্দীন রাব্বানী বলেন, ‘একজন সংসদ সদস্যের মুখ থেকে এ ধরনের বিদ্রূপাত্মক ও অশোভন মন্তব্য অত্যন্ত দুঃখজনক এবং দায়িত্বশীল আচরণের পরিপন্থী। রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে। কিন্তু কোনো নারীর ধর্মীয় পোশাককে উপহাসের বিষয় বানানো সভ্য ও শালীন রাজনৈতিক সংস্কৃতির সঙ্গে সম্পূর্ণ অসামঞ্জস্যপূর্ণ।’
মাওলানা মুহিউদ্দীন রাব্বানী উল্লেখ করেন, বোরকা ও হিজাব মুসলিম নারীদের ধর্মীয় বিশ্বাস ও ব্যক্তিগত অধিকার। এ নিয়ে ব্যঙ্গ-বিদ্রূপ করা শুধু সংশ্লিষ্ট ব্যক্তিদের নয়, বরং ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী কোটি মানুষের অনুভূতিতে আঘাত হানে।
তিনি বলেন, ‘জাতীয় সংসদ দেশের সর্বোচ্চ আইন প্রণয়নকারী প্রতিষ্ঠান। সেখানে এমন ভাষা ও আচরণ জনগণের কাছে কোনো ইতিবাচক বার্তা দেয় না। রাজনৈতিক আলোচনা হওয়া উচিত নীতি, আদর্শ ও জনস্বার্থের বিষয়কে কেন্দ্র করে; ব্যক্তিগত পোশাক বা ধর্মীয় পরিচয়কে লক্ষ্য করে কটাক্ষ করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’
বিবৃতিতে তিনি অবিলম্বে সংশ্লিষ্ট বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশের আহ্বান জানান। একইসঙ্গে জাতীয় সংসদসহ সর্বত্র শালীনতা, পারস্পরিক সম্মান ও ধর্মীয় মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার জন্য সবার প্রতি উদাত্ত আহ্বান জানান।